সোমপ্রকাশ বাড়িতে নেই

জনশ্রুতি আছে, রাজা মন্ত্রহারীর আমলে জলদস্যুতা কিছুটা লোপ পেয়েছিল। তিনি ছিলেন রায়মঙ্গল নদীর মতোই বদমেজাজী। বন্দী ডাকাতদের চোখ ধারালো কিরিচ দিয়ে শ্রেফ গেঁথে নিয়ে উপড়ে ফেলা হতো রাজার সম্মুখে। সেই উৎপাটিত চোখ তার সখের চিতা-শাবক দিয়ে তিনি ভক্ষণ করাতেন !

 

নিকষ অন্ধকার ভেঙে যখন কেবল ভোরের অপার্থিব ম্লানিমা চরাচরে ছড়িয়ে পড়ছে- সোমপ্রকাশের একচোখ তখন জেগে উঠলো। যেহেতু তার চোখ একটিই এবং ঐ চোখ তাকে ভালোমন্দ সকাল সন্ধ্যা ইত্যাদি বুঝতে কেবল সাহায্য করে মাত্র। সোম অন্তত এর বাইরে চোখটাকে অন্য কোন কাজেই লাগায় না। বাকী চোখটা না থেকেও আছে। অক্ষিগোলকের মাধুরীমা নিয়ে, পল্লবের চকিত পলক নিয়ে মধ্যবিত্তের স্বপ্নের মতো, না থেকেও বেঁচে আছে। কেবল কর্ণিয়া; যা দৃষ্টিক্ষমতার জন্য অতি দরকারী-বলে থাকেন বিশেষজ্ঞগণ- তাতে একপ্রকার অভেদ্য স্তর জমেছে। জমছে ক্রমাগত। বাইশ বছর বয়সে যখন তার পৃথিবীটাকে রঙিন করে দেখার সময়, তখন একদল লোক ইট দিয়ে তার ডানচোখটা ছেঁচে দিয়েছিল ! আজ উনচল্লিশে এসে সে বাকী চোখটা পিটপিট্ করে মানুষের-বিশ্বাসের-বিচ্ছেদের নব নব প্রতিচ্ছবি থেকে চোখ ফেরাবে বলে ক্যাক্টাসের চাষ করে যাচ্ছে। এই কাঁটাগুল্মের ভেতরে ফুলেল সৌন্দর্য দেখার জন্য নয়, আরো এক বিস্ময়ের অপেক্ষায় সে প্রহর গোনে যেন।

প্রায় সাড়ে চার একর ঊষর বালিময় অঞ্চলে একা একা একটি ভেঙে পড়ো পড়ো কুঁড়েঘরের মতো ইটের দেয়াল দেয়া পুরোনো বাড়ির ভিতরে সোম প্রতিদিন যেভাবে জাগে, আজও সেভাবেই জেগে উঠলো। প্রাগৈতিহাসিক জন্তুর মতো এখনো সে বেঁচে আছে- এই অবাক বিস্ময় তাকে প্রতিদিনই বিরক্তিকর একটি দিনের প্রস্তুতি নিতে আহবান জানালে সে একবার জীবন ও আর একবার প্রাত্যহিকতার দিকে নিরুদ্দিষ্ট পক্ষপাত শেষে উদাসীন বৈদগ্ধ্য নিয়ে কাজে নেমে পড়ে। তবু প্রতিটি দিনেই তার মনে হয়, আজ নতুন কিছু ফুটবে; নতুন কিছু ঘটবেই। কিন্তু তার বিদির্ণ ঊষর বাগানে কেবল একটা দুটো ক্যাক্টাসের নতুন পাতা বা কাঁটা গজানো ছাড়া বিশেষ কিছুই ঘটেনা। আজও সে নিশ্চিত, এছাড়া কিছুই ঘটবে না। এশিয়ান নার্সারী ও ক্যাক্টাস হেভেন নামে দুটো প্রতিষ্ঠান থেকে নিয়মিত লোক এসে তার বাগান থেকে গাছ নিয়ে যায়। আসে ওরা পিকআপ নিয়ে। ছোট ছোট চারা পলিথিন ব্যাগে ভর্তি করে সাপ্লাই দেয় বিভিন্ন জেলায়। সোমের এসব ব্যবসা-ট্যাবসা ভালো লাগেনা। কিছু করতে হবে, তাই করে। এমনকি ক্যাক্টাসের প্রতিও তার কোন দর্বলতা নেই। নেই সখ। নিরস, সম্ভাবনাহীন এই উদ্ভিদের বংশবিস্তার ও পালন করে কি সুখ সে পায় কে জানে। টিউবয়েল থেকে একটা পুরনো জং ধরা ফুটো হয়ে যাওয়া বালতিতে জল তুলে হাতমুখ ধুয়ে ফেললো সোম। অকেজো ডান চোখটা দিয়ে যে অপ্রয়োজনীয় পানি নিয়ত নি:সৃত হয়, তাকে ভূগর্ভস্থ পানিতে বিলীন করে দিতে সে জলের ঝাপটা মারলো। এই টিউবয়েলে বিষ। অনেক আগেই পল্লী স্বাস্থ্য সংস্থা থেকে কিছু জ্ঞানী অথচ পোড়খাওয়া সিড়িঙ্গে লোকজন এসে এটার পানি টেস্ট করে আর্সেনিকের অস্তিত্ত্ব খুজে পেয়েছে। লাল খড়ি দিয়ে দাগ কেটে দিয়ে যাবার পরেও সে ক্রমাগত সেই জলই ব্যবহার করে যাচ্ছে। নিজের প্রতি কোন মায়া বোধ করেনা সে। কেনো করবে?একা একা র্বির্বি করতে করতে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখা ভাত নিঙড়ে নিঙড়ে শুকনো তরকারী দিয়ে খেতে খেতে প্রতিদিনের মতো ভাবলো, সেই গাছটার কথা-যাকে অনেকদিন থেকে সোম ভাবছে কেটে ফেলবে কিনা। কিন্তু মন তাতে কেন যেন সায় দিচ্ছে না। ওটার ভাবগতিক অন্য গাছের মতো নয়। প্রায় হাজার খানেক ক্যাক্টাসের আবাদ করছে সে এই জমিতে। ক্রশ ব্রিডিং করেও প্রায় গোটা পঞ্চাশেক ধরণ তৈরী করেছে নিজেই। ঐ ক্যাক্টাসটা সেরকম কিছু নয়। বলিভিয়া থেকে এক সাহেব তাকে উপহার হিসেবে ডজন খানেক ক্যাক্টাসের চারা দিয়েছিল। বিন্যাসে তারা নতুন হলেও দেশীয় ক্যাক্টাসেরই জাতভাই। তার মধ্যেই ছিল হয়তো এই বিরল গাছটি। এটাও একজাতীয় ক্যাক্টাস বলেই সোমের ধারণা। কাঁটায়, পত্রকে আর শেকড়ে-ব্যাপ্তিতে তাই-ই মনে হয় যদিও, কিন্তু কোথায় যেন একটা অমিলও আছে- যা ধরা যায়না। সোম আগাছা পরিষ্কার করতে গিয়ে ফেলবে ফেলবে করেও অবশেষে কেটে ফেলতে পারেনি। লাল ডগডগে পুরু পাতায় ক্যাক্টাসটি তেড়ে ফুঁড়ে উঠছে যেন। লাল রঙের পাতা কোন গাছের হয় তা সে আগে দেখেনি। তাই ফেলাও হয়নি। বলিভিয়ার সেই ভদ্রলোক মিঃ জুয়ান মিগুয়েল আরিস্তাইদ এদেশে এসেছিলেন প্লায়স্টোসিন যুগের পলিভূমিতে ক্যাক্টাসের বিবর্তন নিরীক্ষা করতে। এই জলবায়ুতে আর ভিন্ন ইকোসিস্টেমে উদ্ভিদগুলো কিভাবে এডাপ্ট করে, এইসবের ওপর তিনি ঢাউস একখানা বই লিখবার পাঁয়তারা কষছেন। ভারী খুশী হয়েছেন তিনি সোমের এতোবড়ো ক্যাক্টাসের কালেকশন দেখে। নিজের উদ্ভাবিত কয়েকটি জাত তাকে দিয়েছে সোমপ্রকাশও। যাবার সময় বারবার ‘মেনি থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস সোমোপ্রোকাস, দিস ইজ মাই ই-মেইল এড্রেস, মাই সেলুলার নাম্বার ইজ….’ বলে আহলাদে আটখানা একেবারে। কিন্তু সোমপ্রকাশতো তার মতো উদ্ভিদপ্রেমী নয়, অবশ্য পত্র পত্রিকায় ইদানিং তার নামে এইসব বিশেষণ জুড়ে দিয়েই ফিচার করছে শিক্ষানবীশ সাংবাদিকেরা। তাদের কৌতুহল অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায়।
: আচ্ছা আপনার যে কেসটা চলছিল, সেটা এখন কোন পর্যায়ে?
: ওই মেয়েটাকে কি আপনি সত্যি সত্যি ভালোবাসতেন?
তারা হিউম্যান স্টোরী চায়,বোঝে সোম। কিন্তু কাউকেই তার কিছু বলতে ইচ্ছে করেনা। এসবের উর্ধ্বে সে এখন। চোখ হারানোই তার একমাত্র বেদনা নয়। হয়তো এই জীবনটাই ছিল তার পরিনতি। সোম সেটাই মেনে নিয়েছে। কেউ তাকে বাধ্য করেনি। অথচ সে হঠাৎই সিদ্ধান্ত নেয় বন্ধ্যা জমিটুকুতে আর কিছু যখন ফলেই না, তখন ক্যাক্টাসের চাষ করলে কেমন হয়? এই করে করে মাঝখানে পনেরটা বছর কেটে গেছে…

আজগের কথাতো নয়। সোমের বাপঠাকুরদার পূর্বপুরুষরা ছিলেন নবাবী আমলের সামন্ত জমিদার। এ অঞ্চলটা তখন ছিল নিচু নাবাল। তাঁদের মহল ছিল এখান থেকে দশমাইল উত্তরে। সেখানে এখন জেলা পরিষদের নতুন ভবন খুলেছে সরকার। ওসবে তার মন নেই। এই সাড়ে চার একর চড়াই- উৎরাই ভূমির শক্ত পাথুরে নিঃষ্প্রাণ মাটিতে নিঃষ্প্রাণ ক্যাক্টাসই তাকে জীবন থেকে ভুলিয়ে রাখে। কিন্তু ভুলতে চাইলেও সবকিছু ভোলা হয়তো এই জীবনে সম্ভব হবেনা। ফ্রকপড়া ইথিকার ব্যাডমিন্টন খেলার জন্য লাফানো উদোম হাঁটু আর কল্কল্ হাসি- যে হাসি, যে ইথিকার দৌলতে তার একখানা চোখ চিরতরে নষ্ট হয়ে গেলো, তাকে ভোলা সোমের হয়ে ওঠেনা।

বাড় বাড়ন্ত শহরের ক্রমাগত আগ্রাসনে বিলীন হওয়ার মাঝেও ইথিকাদের বাড়ির সামনের চাতালটি তখনও অক্ষত। সদ্য কিশোরী ইথিকার অস্ফুট স্তনের মোহে নিশপিশ মোহ নিয়ে সোম দোতলার চিলেকোঠায় তার সংক্ষিপ্ত প্রকোষ্ঠের জলছাদহীন ভ্যাপসা গরমে প্রতিরাতে ঘুমের ঘোরে কেবল ইথিকার প্রত্যাখানকেই স্বপ্ন দেখতো। ইথিকার সাথে তার সেঅর্থে কোন মিলন হয়নি। না স্বপ্নে না বাস্তবে। শুধু তার নির্লোম হাঁটু যখন ব্যাডমিন্টনের স্ম্যাশ্ শটের বিপরীতে ঝাঁঝালো আকাঙ্খা তৈরী করতো,তখন টিউশনি করে কলেজে পড়াশুনার জন্য শহরে এসে এহেন কষ্ট করাকে তার ঢের মন্দ মনে হতো ক্যাক্টাসের চেয়ে যদি না ইথিকা থাকতো। কিন্তু ইথিকা থাকলো না।

ভোররাতে উঠে দাঁত ব্রাশ করতে করতে সূর্যকে স্বাগত জানানো সোমের তখন অভ্যাস হয়ে গিয়েছিল। সেদিনও সে দেখছিল ইথিকার অপুষ্ট স্তনের মতো নিটোল সূর্যটা কেবল উঠে আসছে আকাশে। নীচতলায় তখন ফুঁপিয়ে কান্নার শব্দ- আর দুমদুম পা ফেলে কারা যেন উঠে আসছে ছাদে। ভোরবেলা মাথাটা ঠিক চট্ করে কাজ করতে চায়না। সোম তাই কিছু বুঝে ওঠার আগেই দেখলো গালাগালি করতে করতে ইথিকার বাড়ীওলা বাপ আর মামা তাকে চেপে ধরলো। ইথিকার দজ্জাল মা তখন সমানে বয়ান করছে কিভাবে ফুসলিয়ে সোম তাদের মেয়ের সর্বনাশ করেছে। একমুখ পেস্টের ফেনায় তার কথা বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু হুঙ্কার ছেড়ে সবাই মিলে তাকে ছাদের মেঝেতে পেড়ে ফেলে। নীচের তলায় অনেক মানুষের ভীড় তখন চেয়ে চেয়ে দেখছিল গলায় ফাঁস পড়া মৃতদেহটির ফ্রকে ঢাকা উদোম হাঁটু। তাদের কেউ কেউ আক্ষেপ, কেউ উস্কানি আবার কেউ মারমুখী হয়ে ছাদেও ভীড় করেছিল। আর আক্ষেপ ও আশাভঙ্গের আতিশয্যে একটা পরিপূর্ণ থানইট দিয়ে কে যেন তার মাথায়, মুখে, চোখের ওপর অনবরত বাড়ি মারছে, বাড়ি মারছে,সাদা পেস্টের ফেনার সাথে লাল রক্তের মিশ্রণে মেরুণ সূর্যটা জ্বলে ওঠার আগে তখনও সবকিছু চেয়ে চেয়ে দেখে নিচ্ছিল…।

মা মারা যাবার পর সোমপ্রকাশ একদম একা হয়ে গেলে একবার ভেবেছিল বিষ খাবে কিনা। কিন্তু চোখের যন্ত্রণা তখন এতো বেড়ে গিয়েছিল যে সে অপেক্ষা করছিল মৃত্যুটা বুঝি গুটি গুটি পায়ে নিজেই এগিয়ে আসবে। কিন্তু আসেনি। বিদেশী কোন্ একটা বিশেষজ্ঞ টীম এসে তার চোখটা ভালো করে দেখে-টেখে বললো হুম্ এরতো কর্নিয়া গ্রাফটিং করতে হবে। কিন্তু কর্নিয়াতো আর খোলাবাজারে বিক্রি হয় না। দাদারা সব দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেছে। আত্মীয়-স্বজন যারাও বা আছে তারা খুনের দায়ে দীর্ঘদিন থানা হাজত দৌড়াদৌড়ি করা সোমকে পরিচয়ই দিতে চাইতোনা। তাই চিকিৎসকরা তার নিরন্তর মাথাব্যাথার উপসর্গটা সাড়িয়ে তুললো বটে, কিন্তু তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দিলো এই অনবরত জলপড়া। ভাগ্য অবশেষে তার প্রতি এতোটাই সুপ্রসণ্ন হয়ে উঠেছিল যে অনেক জায়গাজমি বিক্রি করে ইথিকা হত্যা মামলা চালাতে গিয়ে সর্বশ্বান্ত সোমপ্রকাশ হঠাৎ একদিন শুনলো মৃত ইথিকার সদ্য পরলোকগত পিতার জবানীতে ঐ মৃত্যু বা হত্যা বা আÍহত্যার রহস্যের সমাধানসূচক ইথিকার একটি ডায়রী পুলিশ উদ্ধার করতে পারায় বিজ্ঞ আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।

কিন্তু আজও সে জানে না ইথিকা তার পেটের অবঞ্ছিত ভ্রণটির উৎসপুরুষের কথা সেই ডায়রীতে লিখে গেছে কিনা। সেটা জানায় কিছু এসে যায়না বলেই আগ্রহটাও নেই। সে কি ইথিকাকে ভালোবেসে ছিল? উনচল্লিশের সোমপ্রকাশের কাছে সেটা মোটেই গ্রহণযোগ্য উত্তর নয় বটে, তবে বাইশের সোম পুরোটাই মজে গিয়েছিল হয়তো। যার প্রায়শ্চিত্ত কিংবা হতে পারে প্রতিদানই তাকে দিয়ে এখন এইসব ছাইপাশ করিয়ে নিচ্ছে। একটা ভুলের ক্ষতিপুরণ দিতে আর একটা ভুল; একটা কষ্টের প্রলেপ দিতে আর একটা দুঃখের বীজ সে নিয়তই বপণ করে চলছে। নিজেকে এখন সে ভুল মানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারে না।

সূর্যের তেজ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। ছ্যান্দাও হাতে নিয়ে সোমের এবার কাজে নামার পালা। ভুল মানুষের ভুল জীবনে ত্রুটিপূর্ণ দিনগুলির রোজনামচা এখন গতবাঁধা। এই নিন্মাঞ্চলটি একসময় ছিল ঠগী দস্যুদের অভয়ারণ্য। ইংরেজরা তখনও এদেশে আসেনি। পর্তুগীজ,মগ জলদস্যুরা তখন ফ্লাইং ডাচম্যানের মতো জলযান নিয়ে এ অঞ্চলে লুটতরাজ করে বেড়াতো। তাদের বীর্যের ছাপ এখনো দ্বীপাঞ্চলের কোথাও সরুচোখী অধিবাসীদের মধ্যে পরম্পরায় স্মৃতি রক্ষা করে চলছে। ঐ সময় তারা ছড়িয়ে পড়েছিল টাইডাল সুন্দরবন থেকে গোয়া-দমন-দিউ পর্যন্ত। জনশ্রুতি আছে, রাজা মন্ত্রহারীর আমলে জলদস্যুতা কিছুটা লোপ পেয়েছিল। তিনি ছিলেন রায়মঙ্গল নদীর মতোই বদমেজাজী। বন্দী ডাকাতদের চোখ ধারালো কিরিচ দিয়ে শ্রেফ গেঁথে নিয়ে উপড়ে ফেলা হতো রাজার সম্মুখে। সেই উৎপাটিত চোখ তার সখের চিতা-শাবক দিয়ে তিনি ভক্ষণ করাতেন। ঠগীদের নরহত্যার বিদ্ঘুটে পদ্ধতির মতোই- তাদের ধনসম্পদ ও সোনাদানা লুকিয়ে রাখার নিয়মটিও ছিল বেশ ভিন্নতর। ওদের ধর্মের যক্ষ বা অজং-এর আসন ছিল বেগুনী তারকা খচিত মখমল। তাই দস্যুরা তাদের লুণ্ঠিত ধনসম্পদ কোন অনুচ্চ টিলার শীর্ষে মাটিচাপা দিয়ে রাখতো, আর প্রতীকচিহ্ন হিসেবে সেখানে একটি বেগুনী পাথরের চাঁই পুঁতে রাখা হতো। মšহারীর প্রতাপে তারা অবশেষে অতিষ্ট হয়ে যখন নারিকেল জিঞ্জিরা হয়ে ভারত মহাসাগরে তরী ভাসালো তখন পথিমধ্যে অধিকাংশেরই মহামারীর আকারে দেখা দিয়েছিল স্কার্ভি। দিল্লীর তখ্তে তাউসের তৎকালীন সভাসদ, ঐতিহাসিক সাজিদ জাফরীর গ্রন্থ ‘সাজিদ-ই-আন্ধারী’ তে এই কাহিনীর কিয়দংশ উল্লেখ রয়েছে। এর বাইরে আর তেমন কিছুই জানা যায় না। সোমপ্রকাশ কোনদিন জানতে চেষ্টাও করেনি।

যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে তার সেজো কাকা অন্যতম। ইয়া পুরু গোঁফ ছিল সেজো কাকার। ব্রিটিশ আর্মীতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কোলকাতায় যখন বোমা পড়লো -কাকার তখন কি দাপট! ছোটবেলায় সোম দেখেছে ভোরবেলা উঠেই তার প্রথম কাজ ছিল নিজের চক্চকে বুটখানা আরও পালিশ দিয়ে চক্চকে করে নিয়ে পড়ে ফেলা। এর সঙ্গে থাকতো ক্রশবেল্ট লাগানো ক্যানভাসের খাকি প্যান্ট। যুদ্ধ-টুদ্ধ কবে শেষ হয়ে গেছে তবু সেজো কাকার ভাবখানা ছিল- এইতো সবে ময়দানে গোরাদের সাথে ঘোড়া দৌড়ে তবে এলাম- টাইপের। সোম ভয়ে তার কাছটিতে ভীড়তো না। সারাক্ষণ হল্লাঘরে বসে সে ছবির বই দেখতো। এই হল্লাঘর নামটিও দিয়েছিলেন সেজোকাকা। বাচ্চারা একটি নির্দিষ্ট ঘরে বসে যাবতীয় দুষ্টুমী করবে। তারা বাইরে যেতে পারবে না এই ছিল তার আদেশ। অনেকেই তার আদেশ মানতো না। ফুল্কুদা, ছুঁচুদা তো নয়ই, এমনকি সেও মাঝে মাঝে। তার কেবল ইচ্ছে করতো বাড়ীর পেছনের বিল পেরুলেই যে উঁচু টিলামতো যায়গায় অসংখ্য কাঁটাগাছে আর লজ্জাবতীর বুনোফুলে ছেয়ে আছে- সেখানে একা একা গিয়ে গাছেরা নিজেদের ভাষায় কী কথা বলাবলি করে তা কান পেতে শোনে। একদিন তন্ময় হয়ে সে মিঠে বাতাসের মধ্যে ছোট ছোট গুল্ম আর উদ্ভিদের কানাকানি শুনছিল। ধিঙ্গি আশশেওড়া লজ্জাবতীকে বলছে ‘আ মলো যা, মাগীর ঢং দেখে আর বাঁচিনা। এখনো মাটির সাথে কথা কইছে অথচ দ্যাখোনা রাজ্যের ফুল ফুটিয়ে ছেনালী করছে।’ ওদিক থেকে কণ্টিকারী বাতাসে দুলতে দুলতে গলা বাড়িয়ে বললো ‘ আর বোলোনা দিদি, সারা গায়ে বিষের কাঁটা গজিয়ে রেখেছি তবুও ঢ্যামনা ছাগলগুলোর হাত থেকে রেহাই নেই। আর এ মাগীর গায়ে একফোঁটা শিশির পর্যন্ত পড়েছে কি অমনি পাতা বুজিয়ে, ডালপালা নেড়ে গেলাম গেলাম….মরণ আর কি!’ শুনে সোম এগিয়ে যায় শতমলীর দিকে। আষ্টেপিষ্টে লতায় জড়িয়ে রাখা কাঁটানটে হাফ ছেড়ে বলছে ‘ও ভাই শতমূলী, আর কতো, ছাড়নারে ভাই, তোর জন্য একটু যে নড়েচড়ে হাওয়া খাবো কিংবা হাত পা ছেড়ে একটু আর মোড় ভাঙবো তারও জো নেই…..’। হঠাৎ তখন সে খিল্খিল্ হাসির শব্দ টের পায়। সোম চমকে ওঠে,আরে গাছেরা হাসতেও জানে নাকি? সে লক্ষ্যস্থির করার জন্য একটু ডানদিকের ঘনঝোপের দিকে এগিয়ে গেলে চাপা গোঙানী আর ফিসফিস শুনতে পায়। সোমের বুক ঢিপঢিপ করে। তারই মধ্যে তার কিশোর কৌতুহলী চোখ দেখে, ঝোপ নয়- ঝোপের মধ্যে ছেদ্রে শুয়ে আছে অতসীদি। আর তার ওপর হুমড়ি খেয়ে পড়ে ব্লাউজ খুলে চুষে চলেছে ফুল্কুদা। এমা, ফুল্কুদা এতো বড় হয়েও দুদু খায়? কিন্তু ওর কোমরটা ওভাবে ওঠানামা করছে কেনো? ….কেনো? কেনো? … ভাবতে ভাবতেই কি এক রহস্য উন্মোচন আর ভীতির আন্দোলনে সোম দৌড় দৌড় দৌড়, হাঁফাতে হাঁফাতে হল্লাঘরে! জানিস ভুতু আমি না একটা জিনিস দেখেছি আমি না হি হি এমা, ফুল্কুদা কি অসভ্য জানিস ভুতু অতসীদি না, তখন কোঁকাচ্ছিল…..।

সেজো কাকা বাড়ীর পুরোনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে একদিন কি নিয়ে যেন খুব উত্তেজিত হয়ে পড়লেন- তা সোমের মতো ছোটরা তখন বুঝতে পারেনি। কেবল মনে আছে বিলের পরে যে টিলা-সেখানের ঝোপঝাঁড় সব কেটে সাফ করার জন্য জনাদশেক বিশ্বস্ত কামলা তখন রাতদিন কাজ করতে শুরু করলো। মা পই পই করে বারণ করছিলেন। সেজো ঠাকুরপো, ওইখানে আমাদের বংশে পয় নেই। ওটা খুঁড়ো না। কিন্তু কে শোনে কার কথা। দিনরাত মাটি খোড়া চলতো। রাতেও পেট্রোম্যাক্স জ্বালিয়ে রাখা হতো কেনো কে জানে? তবু তার মধ্যে একদিন শেষরাতে অমাবস্যায় শিবুদাস চিৎকার করতে করতে আর দৌড়াতে দৌড়াতে টিলা থেকে নেমে এলো।

তার ভাষা কেবল জড়িয়ে যাচ্ছিল। বোবা চিৎকার করতে করতে সে সাপে কাটা বুনো শুয়োরের মতো দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল যেন। শিবুদাসের সাথে সোমদের বহুদিন ধরে শরিকী গোলমাল চলছিল। মোকদ্দমায় ওরা নি:স্ব হয়ে গিয়েছিল একেবারে। গুপ্তধনের লোভে সে চুরী করতে গিয়েছিল খুঁড়ে রাখা ঢিবিটার ভেতরে। কিন্তু তার মুখ থেকে কিছুই উদ্ধার করা যায়নি। সেজো কাকার দোনলা বন্দুককে উপেক্ষা করে লোকটা মাথামোটা বাইসনের মতো বিশাল দেহটি নিয়ে অপার্থিব চিৎকার করতে করতে উঠোনের মাঝখানের পুরোনো কাঁঠাল গাছের মোটা কাণ্ডের সাথে দড়াম করে বারি খেয়ে উঠোনেই আছড়ে পড়লো। শেষরাতের সেই কাঁপা কাঁপা লণ্ঠনের আলোয় শিবুদাসের মুখ থেকে গ্যাঁজলা বেড়িয়ে উঠোনের একটা অংশ ভিজিয়ে দিতে দেখলো সোম। সেজো কাকা গম্ভীর হয়ে দোনলা ছেড়ে গরম জলে-টিংচার আয়োডিনে যখন ওর মাথার ক্ষতটায় শুশ্রূষা করছিলেন ততক্ষণে শিবুদাসের পোক্ত শরীরটা স্তিমিত আর বেগুনী হতে শুরু করেছে। এবং কি আশ্চর্য, ঐ অবস্থাতেও শেষবারের মতো শিবুদাস স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গের মতো উঠে বসে অজানা আতঙ্ক আর ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ঐ ঢিবিটার দিকে মাত্র একবার তার বেগুনী হয়ে যাওয়া জলভরা চোখদুটো মেলে কিছু একটা তথ্য জানিয়ে যেতে চেয়েছিল- কিন্তু পারেনি। শিবুদাসের অপঘাতে মৃত্যুর পর সেজো কাকা সন্যাস নিয়ে সেই যে নিরুদ্দেশ হলেন তারপর অনেক বছর কেউ আর সেই টিলা- যেখানে এখন সোম তার বাগান করেছে- সেদিকে পা পর্যন্ত মাড়ায়নি। একাত্তরে এখানে নাকি একবার মুক্তিযোদ্ধারা অস্থায়ী ক্যাম্প করেছিল। খবর পেয়ে আসেপাশের দশগ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাক আর্মীরা। ক্যাম্পে ধরে নিয়ে যাবার পথে ঐ টিলার ঝোপেই বেশকিছু মেয়েকে-যারা বেশী বাধা দিচ্ছিল -পালাক্রমে ধর্ষণ শেষে গাবগাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে রেখে গিয়েছিল।

সোমের মনটা আজ কেনো যে পুরোনো দিনগুলি মনে করিয়ে দিচ্ছে তা সে টের পেলো – যখন হাত দেড়েক লম্বা ধারালো ছ্যানদাওয়ের কাঠের হাতল, তার হাতের মুঠোয় ঘামে ভিজে পিচ্ছিল হয়ে উঠলো। কে সে? কিসের প্রলোভনে সে এসব করছে? প্রশ্নগুলো মাথার মধ্যে চনমনাচ্ছে। চট্ করে তার মনে পড়ে গেলো রাতে দেখা স্বপ্ন বা দু:স্বপ্নটির কথা। স্বপ্নটি এতো সুন্দর অথচ তার কাছে ভয়ঙ্কর কেনো মনে হচ্ছে? বলিভিয়ার সেই গবেষক তাকে বলেছিল কীংবদন্তীটি। এক জাতের ক্যাক্টাসে নাকি খুবই চমৎকার বেগুনী ফুল ফোটে। প্রমাণ সাইজের থালার আকৃতি পুরু পাপড়িগুলো খুবই রসালো। এই কাঁটাগাছের বৈজ্ঞানিক নাম ল্যাকাল্যান্সিয়া ফ্লোরেটা। রেড ইন্ডিয়ান আদীবাসীরা একমাত্র ওদের জাতশত্রু ভিনগোত্রীয়দের সাথে যুদ্ধেই একে ব্যবহার করতো। তারা তাকে বলতো ‘মাওমেতু’ যার অর্থ ‘স্বর্গীয় বিষ’। এই মাওমেতু ফুলের নির্যাস বা ‘লামুর’-এর ঘন দ্রবণে, যুদ্ধের ঠিক পূর্বক্ষণে তারা চুবিয়ে নিতো তাদের তূণভর্তি তীরের চক্চকে ফলাগুলি। বিষাক্ত লামুর একটি সমর্থ বুনোমোষকেও নাকি দশ সেকেণ্ড সময় দেয় না! শুধুমাত্র বলিভিয়ার গিরিকন্দরের পাথুরে স্যাঁতসেঁতে অন্ধকারে মাওমেতু জন্মায় বলে এটা এখন বিলুপ্তপ্রায় ও মূল্যবান। আদিবাসী ওঝারা অবশ্য একেই ব্যবহার করতো অর্শ্বরোগের চিকিৎসায়। প্যারামাউন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি বহুজাতিক কোম্পানী এই বিরল প্রজাতির কণ্টক-উদ্ভিদের পেটেন্ট নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বাধ সেঁধেছে আমেরিকার পার্লামেন্টের উচ্চকক্ষ। ডেমোক্রেটদের মধ্যে ইহুদী ব্লকের কিছু পরিবেশবাদী ধূয়া তুলেছে এই বলে যে, প্যারামাউন্ট কেমিক্যাল কোম্পানী এই ফাইলো-ক্যাক্টাসের এরোমেটিক সিনথেসিস্ করলে বাইপ্রোডাক্ট হিসেবে যে ভিনাইল আইসো-সায়ানাইড প্রকৃতিতে অবমুক্ত হবে, তা ওজোনস্তরের ক্ষয়কারী। এবং নর্থ- ডাকোটার ইগুয়ানা ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন ঐ ক্ষয়ের মাত্রা সি এফ সি ক্ষয়ের ব্যস্তানুপাতিক! ফলে একমাত্র জাপান সাগরে যে বিশালাকায় ‘অটার ফিশ’ পাওয়া যেত, ২০৫০ সাল নাগাদ তাদের লেজের রং বাদামী থেকে ক্রমশ: বেগুনী আকার ধারণ করতে পারে। ওয়াশিংটন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘ফিউচার’ অবশ্য এই মতকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। চ্যানেল ফোরের ডেভিড হ্যাডলী তার লেটনাইট টকশো তে বরাবরের মতো এবারও ইহুদীদের একহাত দেখে নেবার সুযোগকে হাতছাড়া করেননি। তিনি ব্যঙ্গ করে তাদেরকে “বুড়ো থুত্থুরে ফজলী আম” বলে গালি দিয়ে দর্শক হাসিয়েছেন। যদিও ডেভিড হ্যাডলীর মা ছিলেন ইহুদী এবং গেস্টাপোরা বিশ্বযুদ্ধের সময় কন্সেনট্রেশন ক্যাম্পে তার মতো অসংখ্য ইহুদী নারীর জরায়ুতে ল্যাকাল্যান্সিয়া ফ্লোরেটার কৃতিত্ব দেখার জন্য ইন্জেক্ট করেছিল……! সোমের চোখটা থেকে আজ কেনো যেন বেশীমাত্রায় জল কাটছে। সে কি কাঁদছে? কেনো কাঁদবে? কাঁদার জন্য অন্তত দুটো চোখতো চাই। একচোখে কান্না কি মানায়? এ সব ভাবতে ভাবতে সে চোখ মোছে আর তেরছা রোদ্দুরকে উপেক্ষা করতে মাথার গামছাটা ঘাড় পর্যন্ত বিছিয়ে নিয়ে একটানা আগাছা পরিষ্কার করে যেতে থাকে।

এতোবড় বাগান তার, অথচ সবটাই আগাছা। এই ক্যাক্টাসগুলোতো আগাছাই একরকম। বাগান অথচ ফুল ফোটে না। তাকে কি কেউ বাগান বলবে? তাই সে কোন কেয়ারটেকার রাখেনি। আগাছায় আগাছায় ভরে গেলে সে নিজেই তার পরিচর্যা করে। ইচ্ছে করেই ফুলবতী গাছ লাগানো থেকে সে নিজেকে বিরত রেখেছে। ফুল মানেই আকর্ষণ। ফুল মানেই লোকজনের আনাগোনা, ভালোলাগা, কথাবার্তা, উহ্! ভালোলাগে না। লোকজন দেখতে তার একদম ভালোলাগে না। প্রাগৈতিহাসিক প্রাণীর মতো তার চোখে বিস্ময় জাগিয়ে তোলে মানুষের উপস্থিতি। একা একা তাই সে ভুতের মতো এই বিস্তির্ণ কাঁটাঝোপের মধ্যে ঘুরে বেড়ায়। আসেপাশের গ্রামের লোকজন কেউ এদিকে আসে না। একবার একদল শহুরে পিকনিক পার্টিকে সোম ছ্যান্দাও নিয়ে তাড়া করেছিল। এই ঘটনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গল্পের অনুষঙ্গ নিয়ে। লোকে বলাবলি করে সোম উন্মাদ হয়ে গেছে। এটাই বেশী বলে লোকজন। কেউ কেউ বলে সোম পূর্বপুরুষদের ভিটেতে যখ্ পেয়েছে, তাই কাঁটা দিয়ে তাকে আগলে রাখে। একজন অবশ্য প্রায় নিয়মিতই তার কাছে আসেন। দুঃখী লোক। ‘রুমা হোমিও ফার্মেসী’র কুমুদবাবু । মাঝে মাঝে তিনি গল্প করার চেষ্টা করেন সোমের সাথে। এই একজনের কাছেই সোম নিজেকে একটু মেলে ধরে। তাকে চা বানিয়ে খাওয়ায়। এমনকি ঠাট্টা করে পর্যন্ত। তবে তা শুধু একটি বিষয় নিয়েই।
: আচ্ছা কুমুদবাবু আপনার দোকানের নাম রুমা হোমিও কেনো?
উত্তরটা জানা আছে দুজনেরই। তবুও শান্তিপ্রিয় চিরকুমার লোকটি নির্দ্বিধায় প্রশ্নটির উত্তর পুনরাবৃত্তি করেন। নড়বড়ে চশমার ডাঁটিটি সন্তর্পনে একহাতে ধরে, পাঞ্জাবীর খুঁট দিয়ে তার কাঁচ মুছতে মুছতে কুমুদবাবু স্মৃতি হাতড়ানো স্বরে বলেন-
: সোমবাবু, কি জানেন তিনটে আইবুড়ো বোনকে বিয়ে দিতে দিতে নিজের বিয়ের সময় কখন যে পেরিয়ে গেলো তা বুঝতেই পারিনি। যে বাড়ীতে লজিং থাকতাম, সেই বাড়ীর গবেট অথচ সুন্দরী মেয়েটির নাম ছিল র€মা। মনে সাধ ছিল একদিন নিশ্চয় ওর অভিভাবকরা আমার কাছে তাদের কন্যাদায়ের কথাটা পাড়বে। কিন্তু কি জানেন মানুষের ভাগ্যতো আর কাঁঠাল নয় যে সময়মতো পাকবে। ওরা একদিন ইন্ডিয়া চলে গেলো। এর পর থেকেই কি জানেন …মনে একটা ইয়ে ধরে আছে সোমবাবু…। কুমুদবাবুর দীর্ঘশ্বাসমূলক আকুতি সোমের মনে কোনরকম প্রতিক্রিয়া ছড়ায় কিনা আবছা আলোতে তা মোটেই বোঝা যায় না। কেবল একটি উদোম হাঁটুর ছায়াচিত্র দেয়ালে কিম্ভুত ছায়া ফেলে কাঁপে। আর ভরদুপুরে সেইসব ভাবতে ভাবতে আর উদ্বৃত্ত বাকী চোখটার নিয়ত নি:সৃত পানি এক হাতে মুছতে মুছতে সোম দ্র€ত অবাঞ্ছিত ঘাস কেটে চলে।

উঁচু উঁচু টিলা সদৃশ এই মরুজমিতে রোদটা বেশ তেজ ছড়ায়। তার পিঠে ঘামের ফোঁটা ফোঁটা দানা জমে উঠলে সোম বুঝতে পারে দুপুর গড়িয়ে গেলো। এখন তাকে থামতে হবে। পেটে কিছু দিতে হবে। কিন্তু দাঁড়িয়ে যেতেই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। যতদূর সে চলে এসেছে তার কুঁড়ে থেকে, এই রোদে ততোটা দরত্বকেই খুব বেশী মনে হয় সোমের। এটুকু পথ গিয়ে শান্তি খুঁজতে ইচ্ছে করেনা। অনেক আগাছা জড়ো হয়েছে। এগুলোকে এরপর নিয়ে গিয়ে ফেলতে হবে ডোবার মধ্যে। যে গোল্ডেন রিংটাকে সোম সবচেয়ে বেশী যত্ন করে আজ তার কাছেও যাওয়া হয়নি। সত্যিকারার্থেই এটা একটা দামী গাছ। বিশেষত, সৌখিন বড়লোকদের ড্রইংরুমে এহেন একটি স্বর্ণালী গোলক সদৃশ্য কাঁটাগাছ তাদের আভিজাত্যের পথকে আরো সুসংহত ও কণ্টকমুুক্ত করতো হয়তো। কিন্তু চারদিকে এই কাঁটা আর নিরস উদ্ভিদের মাঝে নিজেকে এখন তার খুবই নি:স্ব মনে হতে থাকে। মনে হয় একা। সেতো একাই। তবে কেনো ভিন্নভাবে আরো বেশী একাকীত্ব? তার আর কী চাওয়ার আছে জীবন থেকে? আর কী সর্বনাশ সে আশা করতে পারে? ভাবতে ভাবতে সে শুনতে পায় ইট ভাঙার শব্দ। কোথায় যেন ইট দিয়ে ছেঁচে দেয়া হচ্ছে কিছু। নরম মাংসের ওপর সংঘর্ষটা হচ্ছে থ্যাচ্ থ্যাচ্! সোমের মাথাটা চক্কর দিয়ে ওঠে। তার এখন একটু ছায়া দরকার। কিন্তু চারদিকে অসংখ্য অনতিদীর্ঘ কাঁটাগাছ। সে হাতের ছ্যান্দাওটি আর বইতে পারে না যেন। মাথার ভেতর অহরহ থ্যাচ্ থ্যাচ্ শব্দের কারণে সবকিছু উলট্-পালট্ হয়ে যাচ্ছে। ওহ্! সোম এগুতে গিয়ে বাধা পায়। কাঁটার খোঁচা লেগে তার হাত পা ছড়ে যাচ্ছে, যাক। এখন একটু ছায়া দরকার। একটি মানুষ শুধু একটু ছায়া চায় শুধু। সোম এগুতে থাকে। কাঁটাগাছে তার পরিধেয় টান পড়ে। কিন্তু সোমতো এই কাঁটা থেকে বের€তে চায়, সে সর্বশক্তি একত্রিত করে। ইথিকার মৃত্যুর জন্য কে দায়ী? কে? সে-ইতো? সে কেনো বাঁচিয়ে রাখতে পারলো না মেয়েটাকে? চোখটা দিয়ে অনবরত পানি পড়ছে। কিন্তু বাকী চোখটা? মানে যে চোখটা এতোদিন খালি পড়ে ছিল সেটা দিয়ে কি সে দেখতে পাচ্ছে? আর যা যা দেখছে তা কি সত্যি? সোম নিজের শরীরে এক অপার্থিব অনুভূতির অস্তিত্ত্ব টের পায় যেন। এখন সে দুচোখেই দেখতে পাচ্ছে কিছু? তার সামনে রক্তাক্ত একটি উদ্ভিদ। এতো বিশাল, এতো দীর্ঘ, এতো ঘন হয় উদ্ভিদের রং? গাছটির শীর্ষে কড়া বেগুনী আভায় তার চারদিক যেন আরো রৌদ্রকরোজ্জ্বল! সোমপ্রকাশ দিগ্বিদিক জ্ঞানশূন্যের মতো এগুতে থাকে। তার মাথায় থ্যাচ্ থ্যাচ্ শব্দটা ছাপিয়ে উঠেছে তার গতির শব্দ। কাঁটাঝোপ উপড়ে মুচড়ে সোমপ্রকাশ এগিয়ে যায় বেগুনী আভার দিকে। তার জলভর্তি বাঁ চোখ আর শুষ্ক অথচ ক্রিয়াশীল ডানচোখের রহস্যও এখন তাকে ধাতস্থ হতে দিচ্ছেনা। মনে হচ্ছে চতুর্দিকে বেগুনী অন্ধকার নেমে এসেছে। সূর্যটাও ডুবে গেছে সেই অন্ধকারে। আর সোমের বুভুক্ষু হাতদুটি ক্রমাগত এগিয়ে গিয়ে সেই বেগুনী ফুলটির সংলগ্ন হতে চায়। কি এক অপার্থিব থ্যাচ্ থ্যাচ্ ছেঁচে দেবার শব্দ ছাপিয়ে উঠছে চারদিকে। সোম জান্তব উল্লাস আর বৈনাশিক প্রেরণা নিয়ে এক লহমায় ফুলটিকে বৃন্তচ্যত করে! রসালো পাপড়ি নিঙড়ে পানসে রস ঢেলে দেয় নিজোর গলাতে। তার চারদিকে অবশেষে বেগুনী অন্ধকার ঘন হয়ে আসার আগে সে বুঝতে পারে মাওমেতুর শাব্দিক অর্থের মহিমা! নিখোঁজ হয়ে যেতে যেতে সে পৃথিবীর কাছে একটি উদোম হাঁটুর বিনিময়ে একটি চোখ কিংবা একটি চোখের বিনিময়ে উদোম হাঁটু- এর কোনটিরই ঔচিত্য বোধ করেনা। বরং তার নির্ভেজাল ডান চোখের গর্তে সহসাই একটি বেগুনী পাথর ঘৃণার প্রতিকল্প হয়ে জ্বলে ওঠে!

পরিশিষ্ট:
ইথিকার সারাটা পথ আসতে বেশ ঝক্কি গেছে। বাব্বাহ্। এ কি কম ঝামেলা। ফিচার করতে গেলে এই হলো সমস্যা। তার পাতার এডিটর ফুল লেন্থ হিস্টোরী ছাপাতে আগ্রহী। নাড়ি নক্ষত্রের খবর সব তাই জানতে হয়। এই পাণ্ডববর্জিত অঞ্চলে সে আসতো না যদি না চ্যালেঞ্জটা থাকতো। কোন্ এক পত্রিকাতে যেন লিখেছে লোকটার ব্যক্তিগত জীবনের ব্যর্থতার কথা। ইথিকা তাই নিজেই যেচে এই এসাইনমেন্টটা নিয়েছে। আগামী সংখ্যাতেই কাভার স্টোরী হবে ‘ক্যাক্টাসপ্রেমী এক যুবকের ইতিবৃত্ত’ শিরোনামে।

সোমপ্রকাশের ক্যাক্টাসের বাগানে ঢুকে সে দেখলো জনমনিষ্যি নেই। তার একটু ভয় ভয় করতে লাগলো। সানগ্লাসটা কপালে তুলে দিয়ে সে চারপাশে চোখ বোলাতে লাগলো। কেমন যেন ভৌতিক পরিবেশ চারদিকে। অদূরে টিলামতো যায়গায় কী ওটা? এপিটাফ নাকি? আরে এতো গাঢ় রঙের পাথর হয় কখনো? ইথিকা চিন্তিতভাবে এগুতে গিয়ে থেমে পড়লো। আগে ইন্টারভিউ নেয়া যাক, তারপর এলাকাটা ঘুরে দেখা যাবে। অবশ্য দেখার আছেইবা কি? চারদিকে এতো গাছ উপড়ে ফেলেছে কে? কে কাঁদছে ব্যাকুল হয়ে? কেউ কি মারা গেছে? একটু খুঁজতেই সে কুঁড়েঘরটি দেখতে পেলো। দেখে মনে হচ্ছে একটা প্রাগৈতিহাসির গুহা। এটাই তাহলে লোকটার ঘর? কি যেন নাম লোকটার? নোটপ্যাড আর ক্যামেরা প্রস্তুত করতে গিয়ে ইথিকা বুঝতে পারলো লোকটা; মানে সোমপ্রকাশ বাড়িতে নেই!

রচনাকাল: ০৯/০৬/২০০০

অন্যদের জানিয়ে দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *