দুর্ঘটনা

কি ঘটেছিলো এই বাসায়? খুন বা ধর্ষণ কিংবা গায়ে কেরোসিন ঢেলে কেউ আত্মহত্যা করেছিলো? স্ত্রীকে পেটাতে পেটাতে মেরে ফেলেছিলো? কিংবা আচমকা দরজা ভেঙে ঢুকে কেউ পয়েন্ট ব্লাঙ্ক গুলিতে ঝাঁঝড়া করে দিয়েছিলো লোকটিকে?

দেবব্রত অবশেষে বাসা খুঁজে পেলো। বাসা খোঁজার উপরে কোনো ডিপ্লোমার ব্যবস্থা থাকলে তা তার প্রাপ্য। স্ত্রী অরুন্ধতি নতুন সংসার পাতার আনন্দে আত্মহারা হয়ে পুরো ঘর, মানে দুই রুম আর একফালি বারান্দা আর মানানসই কিচেন বাথরুম একপাক ঘুরে এসে তৃপ্তির আমেজ মাখা মমতা নিয়ে বলে “বেশ কিন্তু বাসাটা, তাইনাগো?’ দেবব্রত বোঝে সুখ মানে এই এক টুকরো কথার মধ্যে ঠাসবুনোট দেয়া আবেগ। এবং এভাবেই তারা সুখী হবার জন্য প্রথমত তাদের প্রথম সংসার শুরু করে দিলো। কিন্তু প্রথম থেকেই জামার নীচে যেখানে হৃদপিণ্ডটা ক্রমাগত ধুকপুক করছে, ভয়টা সেখানে খামচি মেরে ধরার পর থেকে সেই সুখ অস্থায়ী ভাড়াটের মতো আচরণ শুরু করে দেয়। কিন্তু এমন এক অদৃশ্য কার্যকারণহীন সেই ভয়- যাকে ভয় করা তো হয়ই না, উপরন্তু দেবব্রত এবং পরিশেষে অরুন্ধতিও ক্রমাগত আবিষ্ট হতে শুরু করে। তাদের সুখ অসুখ মিলিয়ে বাসাটাও একটা সত্ত্বা হয়ে বিচরণ করে যেনো। কান পাতলে সেই সত্ত্বার সাথে কথোপকথোন কিংবা তার নিঃশ্বাসের স্বরও শুনতে পাওয়া যেতো!

বাড়িওলা সজ্জন। ছুটির দিন বলে তিনি সেদিন বাড়িতেই ছিলেন। নিজ হাতে খুলে দেখালেন দুইরুম ফ্ল্যাটটি। ছিমছাম। নতুন ডিস্টেম্পারে চকচকে হাইজিনিক ওয়াশ মাখা দেয়াল দেবব্রতকে ডাকে। সে মোহে পড়ে। নিজের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দ্রুত হিসেব করে মনে মনে সিদ্ধান্ত নেয়- এখানে হবে। হতেই হবে। এছাড়া কোনো উপায়ও নেই অবশ্য। আজ মাসের ১৪ তারিখ। এরপর আর কেনো টু লেট ঝুলবে না আসেপাশে। তার অফিসেও মোটামুটি অল্প ভাড়াতেই পৌঁছে যাওয়া যাবে এখান থেকে। কিন্তু এই লোকটাকে তা বুঝতে দেয়া যাবে না- সে মনে মনে ভাবে। উপরে নির্লিপ্তি অথচ ভিতরে দ্রুত যোগবিয়োগপূরণভাগ একদম ব্যস্ত রাখে মাথাটাকে। ফলে বাড়িওলার বাড়ি বিষয়ক সেল্ফ প্রোপাগাণ্ডা তার চেতনা স্পর্শ করে না। কিন্তু ওর চোখের ভাষা, পোড় খাওয়া বর্ষীয়ান ব্যক্তিটি অনায়াশে আনকোড করে ফেলতে পারেন। ঈষৎ হেসে বলেন “দেখুন, এর চেয়ে ভালো বাসা হয়তো পাবেন, কিন্তু এমন ভালোবাসা আর পাবেন না।’ বলেই নিজের রসিকতায় হোহো করে হাসেন। লোকটার এতো গরজ কিসের ? এই এরিয়ায় বাসা পাওয়া বেশ কঠিন। অফিসপাড়া থেকে কাছে হয় বলে খালি পাওয়া যায় না একদমই। চিন্তিত হয়ে ভাবে দেবব্রত। কিন্তু নিজেকে আর নেগেটিভলি উসকে দেবে না বলে শাসায় মনে মনে – আর কয়েকটা স্টিল পিকচারের মতো ভাসে অরুন্ধতি চান করে ভিজে চুলে টাওয়েল জড়িয়ে বেরুচ্ছে বাথরুম থেকে, কিচেনে রান্না করছে, অফিস থেকে ফিরতে চাবি ছুঁড়ে দিচ্ছে নিচে গেট খুলতে… দৃশ্যগুলি এমনই জমজমাট যে চিনির সিরায় ডুবে যাওয়া মাছির মতো আবেশে সে জুবড়ে যায় একেবারে।

অবশেষে তারা একটা রফায় আসতে দেরি করে না। বাড়িওলা ওদের ডেকে নিয়ে ড্রইংরুমে বসিয়ে ফিরনি জাতীয় একটা কিছুতে আপ্যায়নের সাথে সাথে জানান, কয়েকটা জানালায় কাঁচ ভাঙা আছে, তিনি লাগিয়ে দেবেন। পর্দা টাঙানোর রানারেও কিছু সমস্যার কথা নিজ থেকেই তিনি বলেন। লোকটাকে এতো সরল মনে হয় না। তবুও সে সজ্জনের মতোই জিজ্ঞেস করে দেবব্রতর চাকরিটা কোন্ ধাঁচের। বিদেশি এনজিও শুনে তিনি হাঁফ ছাড়েন। এমনকি বরিশাল বা গফরগাঁওয়ের লোকদের তিনি পছন্দ করতেন না কারণ গফরগাঁও তার নিজ শ্বশুরবাড়ি আর দেবব্রত বরিশালের শুনে তিনি এভাবে কথাটার নিষ্পত্তি করেন যে – একটা এলাকার সব লোক খারাপ হয় না হেঃ হেঃ। দেবব্রত লোকটার ভেতরে এই সময় ঘাপটি মেরে থাকা সচিবালয়ের মিড লেভেল অফিসারসুলভ চামচা অভিব্যক্তি খুঁজে পায়। কিন্তু তারপরও বাড়িওলার সাথে তেমন আশনাই হবে না- ওরা নিজেদের মতোন থাকবে- এই আকাঙ্খা নিয়ে সে এডভান্সের টাকাটা তুলে দেয়। অরু অন্তত বুঝুক সেও বাসা নিতে জানা পুরুষ! অর্থাৎ ‘পুরুষমানুষ’!

এই ঘটনার পর আরও বহু বহুবারের মতো এবারও সে নিজের সৌভাগ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বাসাটার একটাই সমস্যা। তা হলো রোদ পড়ে না। কিন্তু ট্যানারি এলাকা বলে মশা মাছি তেমন নেই। অভিজ্ঞ ভাড়াটে বন্ধুদের সাথে সে বাসা খোঁজা ও বাসা পাওয়া নিয়ে অঢেল গুলতানি করে। কেউ বলে ঐ এলাকায় ভাড়াতো কম হবেই- তিনমাসে ধাতব যন্ত্রপাতি সব আলগা ঝুরঝুরা হয়ে যায়। আরে ভাই আমার একখান সাইকেল আছিলো। একদম লজ্ঝর হয়ে গেছে- ট্যানারি ক্যামিকেলের কী ঝাঁঝ! আর একজন তার অল্পবয়সে টাক পড়ে যাওয়ার জন্য ঐখানের সাপ্লাইয়ের পানিকে দোষী করে।… কিন্তু দেবব্রতর ভেতরে তখন অরুন্ধতিকে নিয়ে টানা মিছিল চলছে। মানতে হবে মেনে নাও, দিতে হবে দিয়ে দাও-র মতো বৈবাহিক চাহিদাগুলি আস্ফালন করছে একাদিক্রমে। বিয়ের পরের দুই বছর তারা দুই ভূবনে দুই বাসিন্দা হয়ে আছে। আর কাঁহাতক সহ্য হয়? এবার থাক না বেতন কেটে ডিপিএস চালানোর হিসেব। না হয় মাসের সবটাই শেষ হয়ে যাক। আর ঢাকায় এসে অরুন্ধতিও নিশ্চয়ই একটা কিছু জুটিয়ে নিতে পারবে- এই আশাও তাকে বাসা নিতে সাহস জোগায়- অতএব নতুন বাসায় তারা শীগগীর উঠে গেলো। প্রথম সংসার যেভাবে শুরু হয় – একটা পুরোদস্তর খাট, কিছু বইটই, বিয়েতে পাওয়া কিছু অপ্রয়োজনীয় উপহার সামগ্রী আর অরুন্ধতির কিছু গহনাপত্র ও কাপড় চোপড়ের স্যুটকেস এক ঠ্যালাগাড়িতেও উপচে পড়ে না। প্রথম দিনের মেনু আলুসেদ্ধ- ডিমভাজা আর বাড়িওলার স্ত্রীর পাঠানো ফিরনী অমৃত মনে হয়। ভদ্রমহিলা সম্ভবত ঐ একটা রান্নাই পারেন।
কিন্তু বাসা অর্জন করা যতো কঠিন, তাকে টিকিয়ে রাখাও তারচে কম কঠিন নয়। প্রথম সাতদিনে ধোয়ামোছা পরিপাটি আর এন্তার কেনাকাটায় ব্যস্ত থাকতে হয় তাদের। জুতোর আলমারি কেনাও যে কী ঝকমারি তা ওরা উপলব্ধি করে। আর এরই ফাঁকে ভয়টা চিনচিন করে বাড়তে থাকে। ওদের পাশের বিল্ডিংটায় কনস্ট্রাকশন চলছে। সারাদিনে গর্ত খোঁড়ার মেশিন চলছে একদিকে আর সারা রাতভর ট্র্যাকে করে ইট বালু সুড়কির পরিবহনে ঘুমের বারোটা বেজে যেতে বসেছে। সেন্টারিংয়ের জন্য মিস্ত্রিরা সারারাত কাঠ পেটায়। আচ্ছা দেবব্রত যখন অফিসে থাকে – বিশাল ঐ বিল্ডিংটা থেকে লেবাররা যদি কোনো কুমতলবে এই বিল্ডিংয়ে চলে আসে? ওদের বেডরুমে এখনো পর্দা লাগানো হয়নি। অর্ডার দেবার পরও ঘোরাচ্ছে। অরুন্ধতি একা আছে বুঝে কেউ যদি কোনো ভেক ধরে দরজায় নক করে? আজকাল ডিশের লোক, টেলিফোনের লোক বলে কতো কিছুইতো ঘটছে পেপারে দেখা যায়। অরুন্ধতিকে এসব ভয়ের কথা বলতে দেবব্রতর বাঁধো বাঁধো ঠেকে। কিন্তু অফিসে বসেও এক ধরনের অস্বস্তিতে সে চিড়বিড় করতে থাকে। কি করা যায় মনে মনে ভাবে। বাথরুমের একটা কল থেকে পানি ফোঁটায় ফোঁটায় পড়েই চলেছে। বাড়িওলাকে বলবে ভাবছিলো। এখন মনে হয় সেই সাথে দরজায় আর একটা দশাসই ছিটকিনি লাগানোর কথাটাও তুলতে হবে। কিন্তু বাসায় ফিরে সে তাজ্জব হয়ে যায়। অরু জানায়, আজ বাড়িওলা অয়েল্ডিং ফ্যাক্টরির লোকসহ এসে প্রতিটা জানালার মাপ নিয়ে গেছে। একটা গ্রিল থাকা সত্ত্বেও ভেতর দিকে অন্য একটা ঘন তারের গ্রীল তিনি সেট করে দিতে চান সিকিউরিটির জন্য। না না এজন্য দেবব্রতকে কোনো পে করতে হবে না। তোমরা নতুন সংসার পেতেছ- আহলাদে আটখানা হয়ে তিনি অরুন্ধতিকে তুমি সম্বোধন করে বসেন- খোদা না চান যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এজন্য আগাম ব্যবস্থা… সবই ঠিক ছিলো, কিন্তু ঐ দুর্ঘটনা শব্দটা দেবব্রতর মাথার ঠিক পেছন দিকের যে চিন্তাশয় – সেখানে হাতুড়ির বাড়ি মারে। দুর্ঘটনা মানে কি? কিসের দুর্ঘটনা? কাদের দুর্ঘটনা? গ্রীল আর দুর্ঘটনা। গ্রীলের ঘন তারের খাঁচা আর দুর্ঘটনা… ওর মাথা বিনবিন করে ওঠে। ”কি হলো তোমার, অসুস্থ লাগছে নাকি?” অরুন্ধতি বলতে বলতে থেমে গিয়ে তীক্ষ্ম চোখে তাকায়। খুবই দূরপরিচিতা মহিলার মতো ফর্মাল শোনায় ওর কণ্ঠস্বর। দেবব্রতর মনে হয় ওর পাশে এই শহরে কেউ যেনো চেনাজানা নেই। সবাই খুব দূরের অনাত্মীয়। আর এই ঘটনার পর থেকেই তার ঘুম পাতলা হতে শুরু করে।

কিছুদিনের মধ্যেই মোড়ের সিগ্রেটওলা আর মুদির দোকানদারের কাছে ওর মুখটা পরিচিত হয়ে ওঠে। তারা সাপ্তাহিক বাজারের ফর্দ মিলিয়ে সওদার প্যাকেট বাঁধতে বাঁধতে চা আনায়। সে শুনেছে এরকম নাকি হয়। নতুন ভাড়াটেদের সাথে এভাবে খাতির জমিয়ে দুদিন পড়েই তার কাছে হাজার পাঁচেক টাকা ধার চায় এরা। তারপর স্বমূর্তি ধারণ করে। দেব এ ব্যাপারে বেশ সতর্ক হলেও চা তো আর ফিরিয়ে দেয়া চলে না। গম্ভীর হয়ে সে চুমুক দেয় কাপে। গলির মাথার যে পানের দোকান থেকে সিগারেট কেনে রোজ – সেদিন রাতে লোকটা তার দিকে বেশ মারফতি ঢঙে অনেকক্ষণ তাকিয়ে থাকে! পাঁচশো টাকার নোটের ভাঙতি সে আঁতিপাতি মিলিয়ে জোগার করে। আর তার ফাঁকে কথোপকথনের টুকরো টাকরা ভাসে-

– ভাইজান কি ঐ বেগুনি রংগের বাড়িতে উঠছেন?

– হ্যাঁ।

– এসপি সাবের বাড়ির পি্ছনে?

– তাতো বলতে পারবো না ভাই…

– হয় হয় ঠিকোই কইছি, যেই বাড়িতে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হইছিলো…বলেই লোকটা কাছিমের খোলে গলা ঢোকানোর মতো কথার বাকি অংশ গুটিয়ে ফেলে।

– কি দুর্ঘটনা? দেবব্রতর কল্জেটা দুম করে একটা লাফ মারে!

– না মাইনি, কই আরকি, বিল্ডিং উঠতাছে, কতো বিপদ আপদইতো মান্ষের হয়…

লোকটা যে চেপে যাচ্ছে তা বোঝা যায় বেশ। এর পেট থেকে এখন আর কিছু বের করা যাবে না মনে হচ্ছে। দেব বাসায় ফিরেও গুম হয়ে থাকে। শিকেয় ওঠে অরুন্ধতির সাথে নিষিদ্ধ দুষ্টুমির ইচ্ছেগুলি। শুক্রবারের সকালবেলা যখন আমেজ মাখা, দুধের সরের মতোন ঘুম জমে চোখের পাতায় – যাবতীয় ফেরিওলা আর সব্জি বিক্রেতারা যেনো কাকভোরে তরকারি বেচতে এসে নিজেদের ঘুম হারামের আক্রোশ মেটায় চিৎকারে পাল্লা দিয়ে। এই মাছ, এই মাছ ডাকতে ডাকতে একজন চলে গেলো তো আর একজন পেপে পুঁইশাক লেমু থানকুনিপাতা জানান দিতে দিতে এগিয়ে আসে। তার ফাঁকে খুচরো মিউজিক হিসেবে বাজে তালা সাড়ানোর ঝনৎকার আর আল্লাহুমা সাল্লে­য়ালা… আচ্ছা এতো ভোরে চোর ছাড়া ভালো কোনো মানুষের প্রয়োজন হয় তালার চাবি কাটানোর? শব্জিওয়ালা ইতোমধ্যে বাঁক নিয়েছে। হয়তো অন্য কাউকে ফ্লোর দিচ্ছে আর অরুন্ধতির আলুথালু শাড়ির আঁচলের নিচে নিজের কব্জি পর্যন্ত চালান করে দিয়ে জলভরা বেলুনের মতো তুলতুলে জিনিস দুটোতে আলতো করে পরশ নিতে থাকার রসভঙ্গ করতে ডেকে ওঠে কয়েকটি কাক। আর অরুন্ধতি তড়াক করে লাফিয়ে উঠে বলে – হেই ডাকোতো ।

– কি হলো ? ঘুমজড়ানো চোখের অভিনয়ে পূর্ণ সজাগ দেবব্রতর অনুযোগ।

– পুঁইশাক পুঁইশাক। ইশ্ কদ্দিন খাই না। গুঁড়ো মাছ দিয়ে চচ্চরি, ধুশ ওঠোতো। সে হাতের ধাক্কায় তাড়া লাগায় স্বামীকে।

– কতো করে কেজি? উত্তর না দিয়ে ছোকড়া চেঁচায়- ছার হাজিডা এট্টু ধরেন…

– আরে তোর শাকের দাম আগে বলবিতো-

– ওস্তাদী ঢংয়ে ছেলেটা বলে, দাম লাগতোনা। আহ্মে দিয়েন আগের সাবেরা যেই রহম দিতো।

– আগের সাব মানে?

– ওই যে আছিলো, পরে চইলা গেলো দুঃখ পাইয়া।

– অরুন্ধতিও এসময় দরজার কাছে এসে দাঁড়ায় বলে দুঃখটা আর শোনা হয় না। তবে দিনের প্রথম ধরানো সিগারেট টানতে টানতে তাকে কড়া নজর রাখতে হয় সব্জির মাপের দিকে। টাকা গুনে ভাংতি দিতে দিতে ছোকড়া বলে-

– আগের সাবে খুব ভালা আল্হে। কোনোদিন মাপ-উপ্ দেহেনাই। ভাবীসাবরে আমি ডেলি সব্জি দিয়া যাইতাম। দুর্ঘটনা ঘইট্টা গিয়া সব বরবাদ হইয়া গেলো!

– কি হয়েছিলো? দেবব্রত নিজেই চমকে যায় নিজের গলার স্বরে। কী এক নির্ঘুম নেশার ঘোর তার রাতপার করা সকালের মুখমণ্ডলে। ছোকড়া একটু ভয় পেয়েই তাড়াতাড়ি কেটে পড়ে। 

সারাদিন এরপর আর কোনো কিছুতেই মন বসে না। কি হয়েছিলো এ বাড়িতে? এ ফ্লাটে আগে এমন কিছু ঘটেছিলো, যা সবার মনে দাগ কেটে আছে। কি সেই দুর্ঘটনা ? কোনো খুন কিংবা আত্মহত্যা? এখনো অন্যান্য ফ্লাটের ভাড়াটেদের সাথে ওদের আলাপ পরিচয় হয়নি। কিন্তু আলাপ হলেই যে তারা তাকে সব বলবে এমন আশা করা উচিত নয়। বাড়িওলার মনে হলো সব ভাড়াটেদের প্রতিই দারুণ আস্থা। সকলেই নাকি বহু বছর ধরে আছে। অতএব তারাও বাড়িওলার অনুগত হবেন – এটাই ভেবে নেয়া যায়। তাহলে কিভাবে এই রহস্য ভেদ করা যাবে? ভাবতে ভাবতে দেবব্রত খুবই অসহায় বোধ করে। অরুকে এসব বললে – যা ভিতু মেয়ে, নির্ঘাৎ বাড়ি ছেড়ে পালাবে। এখন এই সবেমাত্র একটি বাসায় উঠেই আবার চেঞ্জ করা আর এক ঝক্কি। এক কথায় অসম্ভবই বলা চলে। এতো সাবধানতার পরও এই বাড়িতে মালপত্র উঠতে গিয়ে ওর সাধের পাইরেক্স মগের একটা ভেঙেছে। সুটকেসের চাবি নতুন করে কাটাতে হয়েছে। বাসা বদলের ঝক্কি অনেক। একা মানুষ কতোইবা পারে সে? দেবব্রত ভাবতে ভাবতে অসহায় বোধ করে। বাসা নেয়ার থ্রিল আর আনন্দ সেই বোধের ভেতরে মিইয়ে যায় একেবারে।

এরপর তার ভেতরে কাজ করে বিদঘুটে সব চিন্তা। কিছু যদি ঘটেই থাকে তবে নিশ্চয়ই তার ছাপ পাওয়া যাবে। কোনো ক্লু কি নেই বাসার ভেতরে? কী সেই ক্লু? মুহূর্তে তার মাথায় কলেজ লাইফ পর্যন্ত পড়া ফেলুদা থেকে মাসুদ রানারা একে একে বাসার প্রতিটি ইঞ্চিতে নজর বোলায়। বাথরুমে স্নান করতে করতে সে আয়নার ডানদিকে একটি স্খলিতবসনা নায়িকার ছোট্ট ছবি দেখতে পায়। সম্ভবত কোনো ম্যাগাজিন কেটে লাগানো হয়েছে। কে লাগিয়েছে এটা? অরুকে জিজ্ঞেস করতে হবে। ওর আবার এসব খুবই পছন্দ। কোনো ভালো রান্নার রেসিপি, কোনো সেলাইয়ের ডিজাইন কিংবা কোনো নায়িকা বা মডেলের সুন্দর সাজপোষাকের ছবি পেলে সে ম্যাগাজিনের ভবিষ্যত তোয়াক্কা না করে ধ্যাড়ধ্যাড় করে কেটে ফেলে। এসব জমিয়ে কি আনন্দ পায় কে জানে? হয়তো তারই কোনো নিদর্শন ওই টু পিস বিকিনি পরিহিতা। ফেটে পড়া স্তনের লোভাতুর আহবান ছড়িয়ে সে লজ্জানত সৈকতে এলোমেলো হয়ে আছে। কিন্তু তবুও দেবব্রত ভেতর থেকে কোনো সাড়া পায় না। কি হতে পারে ঘটনাটা? কি ঘটেছিলো এই বাসায়? খুন বা ধর্ষণ কিংবা গায়ে কেরোসিন ঢেলে কেউ আত্মহত্যা করেছিলো? স্ত্রীকে পেটাতে পেটাতে মেরে ফেলেছিলো? কিংবা আচমকা দরজা ভেঙে ঢুকে কেউ পয়েন্ট ব্লাঙ্ক গুলিতে ঝাঁঝড়া করে দিয়েছিলো লোকটিকে? কতো কিছুইতো ঘটা সম্ভব। সে অনুমান করতে পারে ওদেরই মতো এক কাপল থাকতো এই ফ্ল্যাটে। পার্থক্য শুধু তাদের দুজনই ছিলো চাকুরিজীবী। তাদের কি ওদের মতো প্রথম সংসার ছিলো এখানে? হ্যাঁ ছিলো। প্রমাণ? প্রমাণ সারা দেয়ালের এখানে ওখানে অসংখ্য পেরেক পোঁতা আর ড্রিল মেশিনের কারুকাজ। নতুন সংসারি যারা, অগ্রপশ্চাৎ না ভেবেই দেয়াল ফুটো করতে শুরু করে। অবশ্য অনেকের আবার এটা হ্যাবিটও। দেবব্রত এটা খুব অপছন্দ করে। তাছাড়া নতুন করে পেরেক গাঁথার কোনো প্রয়োজন এখনো তাদের হয়নি।

গোছানো জিনিস আবার গোছানোর বাতিক আছে অরুর। ছুটির দিন পেয়ে দেবও সেদিন হাত লাগিয়েছে তার সাথে। মালপত্রের বোঝা সব একাকার হয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। তার মধ্যে কাঁচের জিনিস গুরুত্বপূর্ণ আসবাব বা নতুন বার্নিশ করা ফার্নিচারে যেনো কোনো দাগ না পড়ে সে জন্য সতর্কভাবে কাজ করছিলো তারা। তাদের নিজেদের বাসা নিজেদের সংসার ইত্যাকার আনন্দে দেবব্রত তখন ডিম পাড়া মোরগের মতো ফুলছিলো! তার পাশে ছেনাল মুরগীর মতো অরুন্ধতিও বাক বাকুম করে এমন চুড়িহাট্টা জাগিয়ে তুলেছিলো যে স্থানকালপাত্র ভুলে দেবব্রত কী করলো অরুন্ধতিকে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে বাথরুমে সাওয়ারের নিচে দাঁড় করিয়ে দুজনে ভিজতে লাগলো। তার কতোদিনের ইচ্ছা একত্রে বৃষ্টিতে ভিজবে! আজ, আজি সেই শুভক্ষণে আষাঢ় গগনে… মসৃণ শরীরের এখানে ওখানে বেয়াড়া আঙুলের না-বাড়ন তাদের আরও তপ্ত করে ফেলে। এ অবস্থায় ভাবনাটা এখন কেবল একটি আকাঙ্খায় এসে ঠেকে। অরুন্ধতি ফিসফিস ভাঙা কন্ঠস্বর ক্রমাগত কঁকানিতে রূপ নিলে দেবব্রতর কানে আর এক রিরংসা জন্ম লাভ করে। পরক্ষণেই বোঝে এ চিৎকারের অন্য মানে আছে। চট করে সে সামনের আয়নায় নিজের মাথার পেছনে – যেদিকে তাকিয়ে অরুন্ধতি গোঙাচ্ছে – সেদিকে লক্ষ করে ঠাণ্ডা হয়ে যায়। একটা বিজাতিয় আরশোলার মতো বড় পোকা কোত্থেকে এসে তাদের দিকে নির্লজ্জের মতো সবকিছু দেখছে। সে দেখায় না আছে কোনো লজ্জা, না আছে ভদ্রতার কোনো অনুশোচনা। প্রাগৈতিহাসিক প্রাণীর মতো পোকাটি ওদের ক্রিয়াকাণ্ড দেখে দেখে যেনো বিকৃত সুখ চেটে নিচ্ছিলো। জরাগ্রস্থ যযাতির মতো তার মাথার ওপর সার্চলাইটের মতো চোখদুটিতে এক ধরনের অক্ষমতার আগুন ঠিকড়ে বেরুচ্ছে। অরুন্ধতিকে চট করে কাছে টেনে নিয়ে দেব ফিরে তাকায় পোকাটার মুখোমুখি। আকারে প্রায় তেলাপোকার দ্বিগুন। মেটে-সবুজ রঙের পাখার কারণে মনে হয় যেনো কোনো গর্ত থেকে শীতনিদ্রা শেষে উঠে এসেছে সে। অরুন্ধতি নিজেকে সামলে নিতে নিতে বাথরুম থেকে বেরোয়। দেবব্রত ইতোমধ্যে একটা ঝাড়ু দিয়ে পোকাটার সর্বনাশ করে ছাড়ছে। থেতলানো মৃতদেহটা প্যানের মধ্যে উগড়ে দিয়ে সে বীরদর্পে বেড়িয়ে আসে। এসে দেখে অরুন্ধতী বেসিনে উপুর হয়ে বমিতে ভাসিয়ে দিচ্ছে যা খেয়েছে সব। সে ক্রমাগত হাঁফাতে থাকে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কে এলো? কে আসতে পারে এখানে? কেউতো তাদের এই নতুন ঠিকানা জানেনা এখনো। প্রথমে কী হোলে চোখ রেখে দেব দেখে একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে। 

– স্লামালেকুম। আম্মা আপনাদের আজ দুুপুরে আমাদের বাসায় দাওয়াত দিয়েছেন। 

– কি কারণ? 

– কিছু না এমনি। 

– না না এসবের দরকার কী… 

কিন্তু মেয়েটি সেসব শোনার জন্য দাঁড়িয়ে নেই। ফিরে এসে দেখে অরু এখনো স্বাভাবিক হয়নি। বার বার জিজ্ঞেস করছে কে এসেছিলো। তারপর ধাতস্থ হয়ে দেবব্রতর দিকে চোখ রেখে বলে পোকাটা কী নির্লজ্জের মতো দেখছিলো আমাদের। ওটা কোনো অশরীরী আত্মা নয়তো? রুমে এখনো ফ্যান লাগানো হয়নি। অবশ্য তাড়া নেই। জাঁকিয়ে শীত পড়বে কদিন পরেই। টিউবও লাগাতে হবে। ইত্যাকার অনেক কাজ বাকি রয়ে গেছে। বাড়িওলা প্রতিদিনকার কোটনা কুটা সব নিয়ে যাবার লোকটাকে ঠিক করে দিয়েছে। দেব অফিসে গেলে সেদিনের পর থেকে অরুন্ধতি ভেতর থেকে দরজায় তালা ঝুলিয়ে ভীত সন্ত্রস্থ হয়ে থাকে। গতকাল বিকেলে ডিশের লোক ডিশের লোক বলে অনেকক্ষণ চিল্লি­য়ে গেছে গুন্ডামতো এক লোক। অরু ভয়ে দরজা খোলেনি। দেব আসার পর অনেক সময় নিয়ে সে গল্পটা বলেছে। বাড়িওলাকে যে লোকটা দুধ দেয় সে এসেও নাকি জিজ্ঞেস করেছিলো দুধরোজ করবে কিনা। এদিকে বলা নেই কওয়া নেই গতকাল ভোরবেলা দেখা যায় দরজার নিচ থেকে একটা পেপার উঁকি দিচ্ছে। আরে, সবকিছু এতো অটোম্যাটিক হয়ে যাচ্ছে কিভাবে? অরু যেহেতু একা থাকে তাই বাইরের কোনো লোকের সাথে এখনই কোনো ধরনের লেনদেন না করাই মঙ্গল। এটা অবশ্য দেবব্রতর অতি সতর্কতা কিংবা স্ত্রী শাসন। কিন্তু সত্যিকারার্থে নতুন যায়গায় এখনই খুব বেশি লোকের আনাগোনা সে ভয় পায়। কিছুদিন গেলে তারপর এসব নিয়ে ভাবা যাবে। অরু সেদিনের তেলাপোকা দেখার পর থেকে বেশ সিঁটিয়ে আছে। তার উপরে সেদিন হঠাৎ করে সে আবিষ্কার করেছে দেয়ালের কোথায় নাকি গোটা অক্ষরে পেন্সিল দিয়ে কে লিখে রেখেছে ‘শোধ নেবো’। কে লিখতে পারে এই কথা দেয়ালে ? দেব বেশ চিন্তায় পড়ে গেছে। বাড়িউলি- যখন সে থাকে না- তখন মাঝে মাঝে এসে ওর সাথে গল্প করে যায়। মহিলা আসলে তার বাড়িটা ওরা কিভাবে ব্যবহার করছে সে ব্যাপারে স্পাইগিরি করতে আসেন। তাকে মুখ ফুটে ভয়ের কথা বলতে অরুর সংকোচ লাগে। অবশ্য তার সাথে আলাপচারিতায় বোঝা গেছে আগের ভাড়াটেদের প্রতি তাদের মিশ্র অনুভূতি রয়েছে। সে সম্পর্কে খুলে কিছুই তিনি বলেন না। আবার মাঝে মাঝেই ওদের সাথে পূর্বতন দম্পতির তুলনা করতে গিয়ে কেমন যেনো চুপসে যান। সব মিলিয়ে বিষয়টি এমন এক মানসিক চাপ সৃষ্টি করে দেব আর অরুর মনে যে নতুন বাসায় সুখের মাঝেও বিষের কাঁটা খচ্খচ্ করে। সবচেয়ে যন্ত্রণা হয় অফিসে। একা একা অরুন্ধতির কোনো বিপদ হয় কিনা- এটা ভেবে কিছুতেই সে কাজে মন লাগাতে পারে না। মাঝে মাঝে নিজেকে সে অটো-সাজেশন দেয়: এসব শ্রেফ নতুন বিবাহিত দম্পতির প্রথম সংসার পাতার ফালতু টেনশন ছাড়া কিছু নয়। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আর আশংকার ছোটো ছোটো কিউ তাদের অনাস্থা বাড়িয়ে তোলে। এমনি করে একটি মাস নিরানন্দ আর দ্বন্দ্বের দোলাচালে কেটে যাওয়ার আগেই তাদের কাছে অনর্থক অপয়া হয়ে পড়ে বাসাটি। নির্ধারিত তারিখের আগেই ভাড়া দিতে বাড়িওলার ফ্ল্যাটে নক করে দেবব্রত।

– আরে এসো এসো, কেমন চলছে তোমাদের নতুন সংসার? ইত্যাদি আন্তরিক সংলাপ দেবব্রতর ভেতর কোনো আনন্দকে উসকে দিতে পারে না। সে ধপ করে সোফায় বসে প্রথমে কোনো ভূমিকা ছাড়াই ভাড়ার টাকাটা নিঃশব্দে এগিয়ে দেয়। প্রবীণ ব্যক্তিটি ওর দিকে চশমার ফাঁক দিয়ে এক ঝলক তাকান।

– কোনো সমস্যা?

– জ্বি

– কি হয়েছে ?

– আমাদের আগে এ বাসায় যারা থাকতো তাদের কী হয়েছিলো?

ভদ্রলোক তাকিয়েই থাকেন দেবব্রতর দিকে। তারপর একটা চোরা দীর্ঘশ্বাসকে গোপন না করেই পাল্টা প্রশ্ন ছোঁড়েন- 

– তুমি কি ভাগ্য বিশ্বাস করো?

– না, কোনো?

– তাহলে যা-ই ঘটে থাকুক, এজন্য তোমাদের আপসেট হওয়া ঠিক নয়।

– আমি জানতে চাচ্ছি, এ্যাকচুয়াল ইন্সিডেন্টটা কী ঘটেছিলো?

বাড়িওলা হাসেন। বহু বেদনায় দীর্ণ সে হাসি। ভাড়াটে হারানোর চেয়ে বেশি কিছু অর্থময়। এই সময়টুকুর মধ্যেই দেব ঘামতে থাকে। কী শুনতে হবে তাকে? কী ঘটেছিলো? লোকটা যেনো প্রস্তুতি নিচ্ছে। কিংবা গুছিয়ে নিচ্ছে – ঠিক কতটুকু বলবে, বলা উচিত হবে- এইসব। দেবব্রতর ইচ্ছা করছে লোকটাকে চেপে ধরে খুনে গলায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করতে – কী ঘটেছিলো? তার চোখ সরু আর শ্বাস প্রশ্বাস চরম কিছুর জন্য নিষ্পলক হয়ে আছে। বাড়িওলা নিস্তব্ধতা ভাঙ্গেন-

– আমার এই বাসাতেই ওদের বাসর হয়েছিলো। ইউনিভার্সিটিতে পড়তো দুজন। ছেলেটা বিসিএস পাশ করে দুজন বিয়ে করে। কাজী অফিস থেকেই বাসা খুঁজতে বেরিয়ে পড়ে। মেয়েটাও জবে ঢুকেছিলো মাস তিনেক পর একটা মার্কেট রিসার্চ কোম্পানিতে কিন্তু…

ক্কি হয়েছিলো? দেব এতো জোরে চিৎকার দিয়ে ওঠে যে, ভেতরঘর থেকে বাড়িওলার পর্দানশীন স্ত্রী পর্যন্ত পর্দা সরিয়ে তাকায়।

– কি হবে বলো?

– কোনো দুর্ঘটনা ঘটেছিলো?

– হ্যাঁ। কাঁধ ঝাঁকিয়ে শ্রাগ করেন ভদ্রলোক। এরপর দেবব্রতর মুখে আর প্রশ্ন আসতে চায় না। তাহলে তারা যা সন্দেহ করেছিলো তাই-ই? একটা অপয়া বাড়িতে অরুন্ধতিকে নিয়ে উঠেছে সে! উহ ! এতোদিনে তাদেরও ভাগ্যে কিছু একটা ঘটে যেতে পারতো, উহ্ ভগবান! ঠেকায় পড়ে ভেতর থেকে ঈশ্বরকে মনে পড়লো তার। বাড়িওলা কাশলেন- 

– বছর না ঘুরতেই বাড়ি ছেড়ে দিলো ওরা।

– কারা? আপনি না বললেন দুর্ঘটনা ঘটেছিলো? তারা কি বেঁচে ছিলো তারপরও?

বাঁচবে না কেনো? দুজনই ভিন্ন ভিন্ন বাসায় গিয়ে উঠেছে শেষে…

মানে? আক্রমণের শেষ চুঁড়োয় যেনো এক বলে একরান নিতে হবে এমন মরিয়া হয়ে প্রশ্ন করলো দেব। বাড়িওলা নিস্তেজ ম্লান কণ্ঠে বললেন-

– ওরা ডিভোর্স নিয়েছিলো। সেপারেশন হয়ে গিয়েছিলো ওদের !

 

 

রচনাকাল: ৮ নভেম্বর ২০০২

অন্যদের জানিয়ে দিন