আগস্ট ‘৭৫

তারপর নেকড়ের দল
দেয়াল টপকে ঢুকে গেলো
সাদা বাড়িটার
মনোহর চাতালে। যেখানে সবুজ ঘাস, 
মাধবীলতার আশকারায় 
টুনটুনি সংসার পেতেছে। 
কিছু বুঝে ওঠার আগেই 
ওরা ঝাঝরা করে দিলো 
নিস্তব্ধতা। প্রতিবাদের ব্যুহ 
তৈরি হবার আগেই 
বেয়াড়া বুটের আস্ফালনে 
সারিসারি চন্দ্রমল্লিকা 
নুয়ে পড়লো। 

জান্তব আনন্দে ভারী ভারী বুলডোজার 
পিচরাস্তায় গাঢ় দাগ ফেলে 
ফিরে যাবার পরও
একটি পাখি পড়ে ছিলো 
            সিঁড়ির ল্যান্ডিংয়ে 
                        অনেকক্ষণ, 
                               রক্তাক্ত, 
                                     একা! 



১২ আগস্ট ২০২১

অন্যদের জানিয়ে দিন