মৃত্যুর আগে এহেন অবস্থায় আকলিমাকে যখন তার স্বামী তাড়িয়েই দিলো তখন গোটাকয় কাপড় চোপড় আর টুকটাক দু একটা নেয়ার মতো জিনিষের পুটুলি আর সমিতির টাকায় কেনা ডিমপাড়া হোলামুরগীটা সহ আকলিমা এখন মাওয়াঘাটের এককোণে গুড়িসুড়ি হয়ে বসে আছে। মুন্সিগঞ্জের বোতলভাঙ্গা গ্রাম থেকে তার যাত্রা এখন বাপের বাড়ি শরীয়তপুরের ফাতরা গ্রামে। যায়গাটা ডাকাতের আস্তানা বলে বয়স না হতেই তার বাপ কাঠমিস্ত্রি মনিবুরের সাথে তার বিয়ে দিয়ে দিলো। বিয়ে দিলো যাতে নিজে আর একটা বিয়ে করতে পারে সেই উসিলায়। আকলিমা তের বছর পেরিয়ে এখন উনিশ।
এ কয় বছরে তার বয়সই বেড়েছে কেবল, বুদ্ধি বাড়েনি। ফলে শ্বশুরবাড়িতে সবাই যেমন আশা করেছিলো সে হলো তার বিপরীত। ফলে বৌয়ের খড়ম পা, সাপলেজি চুল আর শামুকভাঙা চোখ ইত্যাদি ইত্যাদি সীমাবদ্ধতার পাশাপাশি তার বাপ নাকি কুড়িহাজার টাকা কুবলিয়েছিলো বিয়ের আগে মনিবুরকে দেবে বলে। সেটা না পেলে মনিবুর যে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেবে না, এমন শর্ত কোথাও লেখা নেই। কাজে কাজেই আকলিমার কোন সন্তান নেই আকলিমা ঘড়ামীর কষ্ট বোঝেনা আকলিমা ভাত পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে বলে আকলিমাকে নিজেই পুড়ে কয়লা বনে যেতে হবে এমন একটি সর্বজনস্বীকৃত সিদ্ধান্তের প্রতিবাদে সে যদি তা হতে না চায়, সে যদি দাঁ হাতে রুখে দাঁঁড়ায়, তাহলে তালাক দেয়ার চেয়ে আরও বেশি শাস্তিদায়ক হলো বাপের বাড়িতে খেদিয়ে দেয়া। নাহ তালাক দেয়ার এখন অনেক ঝামেলা। কোর্টের বারান্দায় ঠায় বসে থাকারও জো নেই, মাঝে মাঝে পুলিশ এসে সিঁড়ি কিলিয়ার করেন! বলে লাঠি হাতে অপমান করে। কালাকোট ম্যানেজ করা, তালাকের কারণ ব্যাখ্যা করা, স্বাক্ষী আনো, এভিডেন্স আনো হাজারটা নখড়া! এনজিওর লোকেরা থাকে তক্কে তক্কে। পারিবারিক আইনে মামলা ঠুকে দেবে। আচ্ছা, এই পারিবারিক আইন পরিবার ছেড়ে কোর্টে চালান হলো কি করে, ভাবে মনিবুর। তারচেয়ে সুবিধাজনক হলো বিনা আয়োজনে খেদিয়ে দেয়া, বা গুম করে দেয়া। তা দ্বিতীয়টা করতে হলে যেরকম কলজের জোড় লাগে মনিবুরের তা নেই। আকলিমা তাই এখন ফেরিঘাটের যেখান থেকে লঞ্চ ছাড়ার কথা সেই ঘাটের পাশটায় বসে আছে। তার এ অবস্থায় বড় সমস্যা হলো ঘাট-টিকিট না দিয়ে লঞ্চে চড়ে বসতে পারা। তার কাছে টাকা নেই তা নয়। কিন্তু বিনাটোলে ঘাটটা পার না হওয়া একধরনের বাজে খরচ আকলিমার কাছে। গতকাল সমিতি থেকে সে আরও একটা কিস্তি নিয়ে এসেছে। আঠেরশ বত্রিশ টাকা সর্বসাকুল্যে। বাপের বাড়ীতে এই টাকা তার অবস্থান পোক্ত করবে অবশ্যই। আর ডিমপাড়া হোলামুরগীটা দেখলে তার বাপের ঘরের নতুন বউটা তাকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে না।
লঞ্চ একটার পর একটা ছেড়ে যাচ্ছে। লোকজন গলগল করে ঢুকে যাচ্ছে লঞ্চের তলপেটে। নামে লঞ্চ হলেও এটা আসলে কাঠবডি ইঞ্জিন। চল্টা উঠে যাওয়া সাদা রঙের মাঝে নিল লতাপাতাফুলের পাড় আঁকা শরীরে দোয়া ইউনুস খোদিত খুপড়ি কেবিন আর নীচে গলুয়ের নাকের পাশে লালে লেখা এম ভি হাতেম লঞ্চটা ভরপেট যাত্রী নিয়ে এই হেলানো দুপুরে মনে হচ্ছে পান চিবোচ্ছে আয়েশে। কালো হোৎকা চেহারার টিকিট কালেকটরের খুপড়িতে এখন বেশ ভীড়। এই সুযোগে আকলিমা- বুদ্ধি যতো ভোঁতাই হোক না কেনো- সেঁদিয়ে যাবে; গেলোও। তার যায়গা হলো ইঞ্জিনের পাশে তেলকালিমাখা প্রচÐ উত্তাপ আর বাজখাই শব্দশঙ্কুল এক কুনছিতে। তারপর লোক আরও লোক আর লোক আর মেলা লোকের ভীড়ে লঞ্চের খোলটা যখন দমাস করে ফেটে যাবার অবস্থা তখন সুকানীকে দেখা গেলো কাঠের সিঁড়ির দরজায়। এসেই সে বয়ান দিলো, চাইপা বহেন আর একটু চাইপা বহেন, সবারই যাইতে হইবো এতো ফাঁকা থাকলে চলবো কেমতে, চাপেন না বাই! ওই বানচোদ তোর কোন বাপের কোলে চাইপা বমুরে হৌরের পো বলে প্রতিউত্তর এলে সে তেমন গা না করে ইঞ্জিনের বগলে সেঁদিয়ে যায়। আর তার ঈঙ্গিতে শুঁটকোমত গোঁফ না ওঠা ছেলেটা বেদম ঘোরাতে থাকে শ্যালো মেশিনের চাকাটা। এই লঞ্চটা কারিগরী প্রকৌশলী ব্যবস্থার একটি চমৎকার ফিউশন। জলযান তথা যাবতীয় যানবাহনের কিছু না কিছু পার্টস এখানে সংযোজিত আছে। সেই লঞ্চ যে তাহার ধারণক্ষমতার পাঁচগুণ যাত্রীসাধারণ নিয়ে পদ্মা পাড়ি দেবেই দেবে তাতে আর আশ্চর্য কী? কিন্তু ষাটনলের মোচড়ে পড়ে হুদাহুদি ডুবে না গেলে পদার্থবিদ্যার সুত্রের সাথে বেজায় বেয়াদপি হয়ে যেতো বলেই এমভি হাতেম অবশেষে ডুবে গেলো। এবং ডুবে একেবারে তলিয়ে গেলো। জনা পাচেক যারা পেরেছে সাঁতারের চেষ্টা করেছিলো অবশ্য কিন্তু চোরা¯্রােত তাদের কোথায় ভাসিয়ে নিলো? অবশেষে আকলিমা খাতুন তার ডিমপাড়া হোলামুরগীটা সহ আটশোযাত্রীর এই ঈদোদযাপন সেযাত্রা পুরো ঈদের ছুটিটাকেই টিভির লাইভ রেসকিউ অপারেশনে বন্দী করে ফেললো। যে সকল বহুজাতিক টয়লেট্রিজ এতো দাম হাঁকিয়ে ঈদের গতরভারী চাঙ্কগুলি কিনেছিলো তারা এখন দেনদরবার করছে লাইভ রেসকিউর ফুটেজ কিনতে। সেনাবাহিনী এই উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন। দুর্যোগমস্ত্রী তার কনন্সটিটিউয়েন্সিতে রয়েছেন একটি কলেজে কম্পিউটর সেকশন উদ্বোধনের কাজে। তিনি একজন দায়িত্বপ্রবণ ব্যক্তি, উদ্বোধনটা শেষ না করে তিনি এ অবস্থায় আসেন কী করে!
তো এহেন ডামাডোলের ভেতর উদ্ধারকাজ অসমাপ্ত রাখতে হলো তীব্র ¯্রােতের দাপটে টিকতে না পেরে। উদ্ধারকারী জাহাজ বখতিয়ার এখনো পথে। সেটা এলে পুুনরায় আবার শুরু হবে বলে ল্ইাভে জানানো হয়েছে কিন্তু তারপরও পাবলিক অকুস্থল ভীড় করে আছে। অন্তত সাড়ে পাঁচশো যাত্রী (সংখ্যা কখনো মেলেনা এ জগতে। কমবেশি তো হতেই পারে! আর তাছাড়া যাহা বাহান্ন তাহা বিরানব্বইও বটে!) নিয়ে- যার অধিকাংশই নিম্মবিত্তের- লঞ্চটা এখনো নিখোঁজ রয়েছে। যেখানে ডুবেছে সেখানে তার টিকিটিই নেই। পদ্মার ওই অংশে গভীর খাত। চোরা¯্রােত গুমড়ে উঠছে খালি। ডুবুড়িদের ডুব দেয়ার কোন সুযোগ নেই। আটচল্লিশ ঘন্টা পর বখতিয়ার এলো। সাথে এলো বিআইডবিøউটিসির টো বোট, হার্নেস ঝোলানো আকাশচুম্বী ক্রেনসহ। কভারওল পড়া একদল চৌকশ ডুবুরীদল প্রথমেই ডিজিটাল লোকেটর দিয়ে লঞ্চটার ডিজিটাল সাবমারসিবল ইমেজিং করতে লেগে গেলো। কাজটা সহজ, কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেটা যথেষ্ট ঝামেলাই তৈরী করলো। কারণ নদীর ওই একই স্থানে একটি ইমারতের অস্তিত্ব টেকনিশিয়ানরা খুঁজে পেলেন। সেটি নাকি সুলতানী আমলের। ভাবো?
(চলবে)
