নাহ ! ঠিক এভাবে যে নয়নার সাথে সম্পর্কটার স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনটা ভাবেনি উদিতাংশু। সাত বছর পরে এসে তারা যে সমাধানটার কথা ভাবলো, সেটা আগে কেনো ভাবেনি- তাই ভেবে তার নিজেরই একরকম জিদ চেপে গিয়েছিলো। অনেকটা জোর করেই তাই নায়নাকে নিয়ে জমপুর আসা। এমন বিস্তীর্ণ গ্রামে নয়নাকে নিয়ে এই অবস্থায় আসার কোনো মানেই হয়না। তাকে নিয়ে বরং সরকারী কোনো হিসেব সংরক্ষণাগারে হানিমুনে যাওয়া উচিত। যেখানে না থাকবে কোকিল না থাকবে একটা ধানগাছের ছায়া। এই ছায়াঢাকা-পাখীডাকা গ্রাম তার জন্য এখন বিষ। বিষ! উদিতাংশু তাই এক ধরনের বেকুবই ভাবে নিজেকে। তবু, গ্রামের গল্প তার ভেতরে দীর্ঘদিন দানা বেঁধে মিছরি জমে আছে- তাকে না দেখে থাকার কষ্টের চেয়ে এখন দিনরাত্তির নয়নার ঘ্যানঘ্যানানি শোনাও তেমন লোকসানের নয়। হাজার হোক, মেয়েতো একটা! রক্তমাংসের সেক্সডলওতো কতো মানুষ কামনা করে… না,না, উদিতাংশু নিজেকে শাসায়- কেবল খারাপ দিকগুলো ভাবলে চলবে না। নয়নার কিছু ভালো দিকওতো আছে, না-কি?
তবু কেনো যে মেজাজের মুূহূর্তে সেসব মনে আসে না তার? আর নয়নাও তাকে কোনো সুযোগ না দিয়েই একদম সপ্তমে চড়ে বসে। কখনো কখনো চিল চিৎকার আর দাঁত-নখ একত্রে চালায় সে। সাত বছরের বিবাহিত জীবনটা তখন তাকে কলা দেখায়। নাহ্! এভাবে হবে না। হবে না। ভাবতে ভাবতে উদিতাংশু আরও মুষড়ে পড়ে ভেতরে ভেতরে। তার গান কম্পোজ মাথায় ওঠে। এই বাজারে একবার প্রতিষ্ঠার দরজায় পিঠটান দিয়ে কবে আর কে তা ফিরে পেয়েছে ? এ জন্যই তার গান লেখার প্রতি আগ্রহটা চরম ও মরীয়া। গানের নেশা তাকে এক ধরনের ভাবালুতার মধ্যে নিয়ে যায়। তার কেবল ফিরে পেতে ইচ্ছে করে ইউনিভার্সিটির হলের সামনের চত্তরে রাত জেগে বন্ধুদের মাঝে গান গাওয়ার হল্লা। কতো দূর থেকে বন্ধুরা আসতো তার গান শুনতে। নিজের লেখা সুর করা একটার পর একটা চালিয়ে যেতো উদিতাংশু। ওরা তাকে উৎসাহও দিতো প্রচুর। বেশ কিছু স্টেজ প্রোগ্রামও করেছিলো সে। তেমনই এক শো শেষে নয়নার সাথে তার প্রথম পরিচয়! শীতের সন্ধ্যা ছিলো তখন। গাঢ় নীল জিনস্, হলুদ ফিতের স্যান্ডাল আর গ্রেটকোটের মতো ঢোলা কালো সোয়েটারের ভেতর উৎফুল্ল স্তনের অধিকারীণী- চোখে ঝিলিক দিয়ে তার দিকে প্রশ্নাত্বক আকাঙ্খা ছুঁড়ে বলেছিলো- আপনি আমাকে নিয়ে যাবেন ?….
এদিকের রাস্তা ঘাট এখনো আটশট্টি হাজার গ্রামের মতোই। রিকসায় আসতে গিয়ে হাড়গোড় ভেঙে একত্র হবার দশা। তবু তাদের ভালো লাগছিলো। তার ভালো লাগছিলো। নায়না সূর্যের তেরছা রোদ্দুরের কেরামতি সহ্য না করতে পেরে হ্যান্ডব্যাগটা দিয়ে মাথা ঘাড় ঢেকে- চারপাশের এই এত্তো এত্তো সবুজ-সুষমা না দেখে শুনেই তৃপ্ত ছিলো। যেনো এতে তার কিছুই যায় আসে না। কেবল নলিয়া বাজার আসার পর বলছিলো -জল খাবো। সেই জল জোগাড় করতে গিয়েই তারা প্রথমে শুনলো ’সিন্নি গাছের’ কথা। ডাবওয়ালা নিখুঁত কোপে ডাবটাকে ফালি করতে গিয়ে বলছিলো
-লেওয়া স্যার সিন্নি গাছের ফলের মতোন মিষ্টি!
-কিসের মতো ?
-সিন্নি ফলের মতো। ঐ তো কোপ্তাডাঙ্গায় দেহেন গিয়া…
– কোথায় সেটা ?
– কেন্ আফনেরা জানেন না ? ঢাহা দিয়া আইছেন ?
– হ্যাঁ, কি সেখানে ?
– তাজ্জব এক গাছ আছে এই গ্রামের ঠোডায়। খেজুরের মতোন ফল দেয়, খাইতে দুধের তিন্নাও মিডা লাগে।
উদিতাংশুর মনে হয়েছিলো- এই সেই গাছ, এই সেই গাছ যার কথা সে বিভিন্ন সময় শুনেছে, পড়েছে। পারসীরা তাদের অগ্নীপূজার প্রারম্ভে যে রিকিতের উপাসনা করতো –এটি বুঝি তাদেরই মতোন কোনো দেবাংশী! কিন্তু তার ভাবনাটা- নায়না রোদ্দুরটাকে একটা বিচ্ছিরি গাল দিয়ে রিকসার দিকে এগিয়ে যেতে- আর বাড়তে পারলো না। আশ্চর্য! এমন মোলায়েম পরিবেশের মাঝেও মেজাজ খারাপ করতে পারে কেউ ?
জমপুর রেস্টহাউসটা আহামরি হবে না এ কথা তারা আগেই অনুমান করেছিলো। নামই যার যমপুর… এখানের নামগুলি যেনো কেমন- নলিয়া, কোপ্তাডাঙা, বরিষা, মোস্তফার চর, গুনটিয়া একটার সাথে অন্যটার মিল নেই। নামেরও নিশ্চয়ই কোনো রহস্য আছে। যেমন জমপুর বা যমপুর যেটাই হোক- তার কোনো ইতিহাস না থেকেই যায় না। ছোট্ট জনপদটির দোকানের সাইনবোর্ডগুলোতে দু ধরনের বানানই সে দেখছে। আশ্চর্যের ব্যাপার হিন্দু দোকানগুলো লিখেছে ’য’ দিয়ে আর মুসলিম দোকানগুলোয় ’জ’ দিয়ে। যেমন, যমপুর মিষ্টান্ন ভাণ্ডার, নিউ যমপুর লেডিস টেইলার্স, শ্রী মা হেয়ার ড্রেসার এন্ড সেলুন, নীচে ’যমপুর’ লেখা হয়েছে। আর তার ঠিক পাশাপাশি জমপুর ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট। হয়তো ’জমজম’ শব্দটির সাথে স্থানের একটি সম্পর্কসূত্র দাঁড় করানোই এর লক্ষ্য। কিন্তু ব্যাপার যা-ই হোক না কেনো, বর্ডার এলাকা দিয়ে এখানে ইদানিং ব্যাপকহারে ফেন্সিডিল আসছে- এটাই এ অঞ্চলের এখন প্রধান অলোচনা। দ্বিতীয় বিষয়টা আর্সেনিক। কেউ কেউ বলছে ফেন্সির বোতলে ভারত থেকে নাকি আর্সেনিক পাচার করছে আবার কেউবা বলছে আর্সেনিক রোগটা বাড়ে ফেন্সিডিল খাবার কারণে। কিন্তু ভজনবালার আশি বছর বয়ষ্ক মোতাহারের মায়ের যখন বিনা কারণে হাত পায়ের তালু ফেটে যেতে লাগলো, তখন এলাকাবাসী আর কোনো কথা খুঁজে পেলো না। তাজ্জব ব্যাপার। প্রথমে জানা ছিলো উঠতি ছ্যামড়ারাই এসব খেয়ে ঝিম মেরে পড়ে থাকে আর দুধ চিনি কড়া চা খেতে শ্যামলের দোকানে ভীড় জমায়। অথচ এখন ?
রাতের বেলা খাবার শেষে আগ্রহটা নায়নাই দেখায় বেশি। উদিতাংশু তখন ভাবছিলো একটা নতুন কম্পোজিশন। আকাশ ভেঙে অত্যুজ্জ্বল আলোকরাশি পৃথিবী ভরিয়ে দেবে- এই মনোভাবাপন্ন একটি গান তার লেখার ইচ্ছে বহুদিনের। এমন গান, যা মানুষকে না প্রেম, না বিপ্লবী, না তত্ত্ব, শুধু গভীর ও উৎফুল্ল আবেশে তরঙ্গায়িত করবে- তাকে জীবন ও জিজ্ঞাসার মুখোমুখি না করে, উত্তরের আকাঙ্খী করবে। এমন গান, এমন গান কি সে লিখতে পারবে না কখনো ? তরুণদের মাঝে সে মোটামুটি পরিচিত একজন গীতিকার। কিন্তু সেই গান কেবলই তাকে অতৃপ্তির মাঝে নিয়ে যায়। সেই অত্যুজ্জ্বল আলোকরাশি- যা সূর্যের চেয়েও মেধাবী, সে কি পারবে না কখনো লিখতে ? …নায়না তার ভাবালুতার মাঝে জট পাকায়।
-কী ভাবছো ?
-উম্ ?
-চলো শুতে চলো।
উদিতাংশু আবছা অন্ধকারেও নায়নার চোখে রতিতপ্ত মানুষীর ঝিলিমিলি দেখতে পায়। সাত বছরতো কম সময় নয়, এতোদিনে সে এই দেহজ ভালোবাসার সবসূত্র জেনে ফেলেছে। চলমান চিত্রের মতো বলে দিতে পারে সে এরপর আস্তে আস্তে নায়না কীভাবে এগুবে। তার প্রতিটি ধাপ, প্রতিটি পর্ব তার চেনা। উদিতাংশু সেই একান্ত উৎসবে হোমের আয়োজনে নিজেকে ব্রতী করতে, নিজেকে প্রস্তুত করতে মনে মনে প্রস্তুতি নেয়। কিন্তু নায়না তার ধার দিয়েও যায় না। আজ যেনো সে অন্য নারী। অচেনা। কি যেনো চিবোচ্ছে সে। সম্ভবত মৌরী। এই এক অভ্যাস। যেখানেই যাক, ব্যাগে তার মুখশুদ্ধি কিছু না কিছু থাকবেই। এলাচ দানা, আদাকুচি, গুয়াশুপারি, খোর্মাকুচি, নিদেনপক্ষে দারুচিনি এক টুকরো ওর খাবার পরে চাই-ই চাই। তাকে মানায়ও বেশ। এমনিতে সাজে না। কিন্তু যত্নহীন যত্নের আলগা শ্রী সবসময় ওর গায়ে লেপ্টে থাকে যেনো। মনে হয় এই মেয়েটাকে জয় করি, ভাঙি। তার ভেতরের আমিত্বটুকু পান করে নিঃশেষিত করে দেই। এরই নাম বোধহয় ঘোর। যে ঘোরের কারণে মাত্র সাত দিনের পরিচয়ে, আর একদিনের নিরাপদ নিভৃতির সুযোগে চার চারবার যৌন অংশগ্রহণের পর উদিতাংশু সাবসিডিয়ারী পরীক্ষা না দিয়েই সিদ্ধান্ত নিয়েছিলো বিয়ে করার। কিন্তু আজ তাদের জীবনে সবটাই যেনো এক ভুল বাসে উঠে পড়ার মতো ভুল। সেটা আদৌ ভুল কিনা- এটুকু; শুধু এটুকু জানার জন্যই উদিতাংশু জমপুর নিয়ে এসেছে নায়নাকে। ‘চলো না কাল আমরা কোপ্তাবাড়ি যাই আজব গাছটা দেখতে!’ নায়নার কথায় চমক ভাঙে তার।
‘তুমি কি কোনো বিশেষত্ব খুঁজে পেলে ?’ পরদিন দুপুরে ভেজা চুল রৌদ্রে মেলে নায়না প্রশ্ন ছুঁড়ে দেয় তার দিকে। বারান্দার টালীর নীচে এ্যাকোস্টিক গিটার নিয়ে উদিতাংশু তখন একটা সুরের নোটেশন দেখছিলো। কোপ্তাবাড়ি থেকে ফেরার পথে আচমকাই একটা সাঁকো পেরুতে পেরুতে তার মনে গুনগুনিয়ে উঠেছিলো লাইনটা। কিন্তু সেটা এখন ঠিক ঠিক দোলা দিচ্ছে না। তৃতীয় তারটিতে এসে বার বার খেই হারিয়ে ফেলছে সে। নায়নার প্রশ্নটা তাই তার কাছে গুরুত্বহীন মনে হয়। সে কোনো জবাবের চাহিদাও বোধ করে না। মাথা ঝুঁকিয়ে সুরটা খুঁজতে থাকে। নায়না বোধহয় ক্ষেপে যায় এতে। তার নিচু গলা ক্রমে দ্রুতলয়ে বেজে ওঠে। ‘ছোটলোক, আমাকে এই গণ্ডগাঁয়ে নিয়ে এসে হানিমুন শেখাচ্ছে। ছোটলোক, মিনমিনে শয়তান আবার তানসেন হতে চায়’ …উদিতাংশুর সুর কেটে যায়! এই নচ্ছার মেয়েলোকটিকে তার একহাত দেখে নিতে ইচ্ছে করে। গান নিয়ে তাকে কেউ কিছু বললে সে মোটেই সহ্য করতে পারে না। নায়না তা জানে। জেনেই সে বলেছে। অন্ধ রাগে সে টেবিলের ওপর রাখা গ্লাসটা ছুঁড়ে মারে। নায়না উহ্ মাগো বলে পার পাবার আগেই সে এগিয়ে গিয়ে প্রচণ্ড জোরে এক চড় কষায়…! অথচ একটু আগেই আজ দুপুরে তারা কোপ্তাবাড়ি গিয়ে সেই গাছটা দেখে এসেছিলো। ওদের যিনি পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন- সে খুব রোমান্টিক স্টাইলে বর্ণনা করছিলো গাছটির জন্ম ইতিহাস। তাই বলে নায়না অনায়াসে ছেড়ে দেবে না স্বামীকে। মুখ দিয়ে নয়- এবার সে অন্য পন্থা ধরলো। অস্ত্র হিসেবে সেটিও বেশ মোক্ষম। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে জানালো, এমন হবে জানলে সে তাকে বিয়েই করতো না। এরকম তাদের মাঝে মাঝেই হয়। ভালোবাসাবাসির সময় যেমন মাত্রাছাড়া তেমনি ঝগড়ার সময়ও কোনো হিতাহিত জ্ঞান থাকে না ওদের। এমনও হয়েছে শরীরের টানে তারা সাপের মত শঙ্খলেগে পড়েছিলো সারারাত সারাদিন একটানা একে অপরকে আঁচড়ে-কামড়ে লালা আর লালসায় খুবলে খেয়েছে। আর শরীরের সুখ যখন বিস্বাদ হয়ে গেছে শরীরে- তখন তুচ্ছ কারণে মেতে উঠেছে গুরুত্বপূর্ণ ঝগড়ায়। কেউ কাউকে ছাড় দেয়নি। ছাড় পেতেও চায়নি কেউ। ঝগড়া করে জিততে চেয়েছে। অপরের সামান্য ব্যর্থতাও আড়াল থাকেনি তাদের। ফলে দুজনই হেরে গেছে দুজনের কাছে। উভয়েই দেখেছে নিজেদের চরম পরাজয় অন্যের কাছে।
অন্তত আড়াইশো বছরের পুরোনো এই গাছ। কবে কে লাগিয়েছিলো তার কোনো হদিস জানা যায় না। জনশ্র“তি আছে এক কামেল পীরের আগমন ঘটেছিলো জলাভূমি অধিভূক্ত এই অঞ্চলে। তার হাতের আশার লাঠিটি তিনি অনুসারীদের সামনেই মাটিতে পুঁতে দিয়েছিলেন, আর, সে থেকেই সিন্নি গাছের উৎপত্তি। কিন্তু পীরসাহেবকে পরে আর খুঁজে পাওয়া যায় নি। তিনি কোনো মাজার- যা পীরদের স্বভাবজাত- স্থাপন করেন নি। হিন্দুরা মনে করে কোনো সাধুপুরুষ নিজেই গাছ হয়ে গিয়েছিলেন ধ্যান করতে করতে। নায়না এসব নোট নেয়। তার একটি সখ আছে, মাঝে মাঝে পত্রিকায় ফিচার লিখে পাঠানো। সে গাছটির ছবি তুলতে গেলে যে লোকটি ওদের গাইডের মতো সঙ্গ দিচ্ছিলো, সে হা হা করে পড়ে।
-ছবি তুইলেন না কোলোম।
-কেনো ?
-ওডবে না।
-এ্যাঁ ?
– ছবি ওডবে না। এর আগে একফির এক সাইবে চেষ্টা হরছেলে ছবি তোলোনের। তিনদিন বাদে রক্তবমি হইয়া মরছে।
একদম বাজে কথা। নায়না দমে যায়। এই জন্য নয় যে, তাদের কথা সে বিশ্বাস করেছে কিন্তু এখানে এর প্রতিবাদ করা ঠিক হবে না সেটা সে বুঝতে পারছে। উদিতাংশু ওর কাছে গিয়ে দাঁড়ায়। আলতো ইশারায় সেও নিষেধ করে নায়নাকে। কী লাভ এদের বিশ্বাসে আঘাত করে। ওরা গাছটিকে দেখে। বেশ বড়সড় একটা বটগাছের আকার নিয়ে গাছটি দাঁড়িয়ে আছে। চিরিচিরি পাতা খুব ঘন হয়ে আছে। সেই পাতার ফাঁকে ফাকে লালচে ও ঘিয়ে রঙের খেজুরাকৃতি ফল ফলে আছে। অসংখ্য। গাছের কাণ্ডে যারা ইট বেঁধে দিয়ে মানত পূর্ণ করতে এসেছে তারা সযত্নে ফলগুলি কুড়িয়ে নিচ্ছে। মোটা কাণ্ডের গায়ে সিঁদুরও লাগানো কোথাও কোথাও। সব ধর্মের লোকেরাই এটাকে মানে। দূরদূরান্ত থেকে অনেকেই দেখতে আসে। কিন্তু গাছটার মধ্যে ভক্তি করার মতো কোনো গাম্ভীর্য উদিতাংশু খুঁজে পেলো না। এমনকি রিকিতের মীথটিও এখন তার মনে পড়ছে না। সে তাকিয়ে দেখলো গাছের ডালের ফাঁকে বেশ কিছু বাদুর ঝুলে আছে। উদ্ভিদজগতের কোনো বিরল বৈশিষ্ট্যই হবে হয়তো গাছটা। বাদুড়গুলো লাল চোখে নীচের মানুষগুলো দেখছে। একটাও নড়ছে না একটুও। স্থির হয়ে আছে। নায়নার ডাকে সে ফিরে তাকালো। ওরা দেখতে দেখতে অন্যদিকে চলে গিয়েছিলো। নায়না একটা ফল তার দিকে এগিয়ে দিলো। সে নিজেও চিবুচ্ছে একটা। উদিতাংশু বিরক্তি ও নিঃস্পৃহভাবে কাঁচা ফলটাতে কামড় দিলো। আরে অদ্ভুত তো ! ঘন দুধের মতো স্বাদ আর মিষ্টি। ও একটু ধান্দায় পড়ে গেলো। এতোটা সে ভাবেনি। মনে করেছিলো কইস্টা হবে। নাহ্ এটা সত্যিই বিরল বৃক্ষ ! এরপর নায়নার উৎসাহ আরও বেড়ে গেছে। সে স্থানীয় লোকজনকে গাছটি সম্পর্কে জিজ্ঞেস করছে বিভিন্ন কথা। সারা বছরই নাকি গাছটার ফল ধরে। একদিকে ফল পাকে, তো অন্যদিকে নতুন কুঁড়ি ফুটে ওঠে। কিন্তু আশ্চর্য, এই বীজ লাগালে নতুন গাছ হয় না। উদিতাংশুর এসব কিছুই ভালো লাগছে না। তার ভেতরের একটা বোধ কেবলই কেটে কেটে যাচ্ছে। এই নিশ্চুপ গাঁয়ে এসেও যদি সে এতোটা অস্থিরতায় ভোগে তাহলে…। মনে মনে সে নায়নাকে এ প্রসঙ্গে দোষী করে। এই মেয়েটা তার সবকিছু তছনছ করে দিচ্ছে, তাকে স্থির হতে দিচ্ছে না। বিস্বাদ আর অস্বস্তি নিয়ে সে বিরবির করে। পরক্ষণে বুঝতে পারে অজানা কিছু শব্দ সে মনে মনে আওড়াচ্ছে। শব্দগুলো এরপর সঙ্গীতের রূপ নেয়। সে বুঝতে পারে কী যেনো একটা ভাঙাগড়া শুরু হয়ে গেছে ভেতরে
মনে করো এই রোদ তোমার বাড়িয়ে দেয়া হাত
ছেড়ে যাবে- ঝিম ধরা স্বপ্ন খুঁজেছি একসাথে-
জীবন পাবেনা দেখাÑ মন তাকে বলে অকষ্মাৎ
চাঁদের ছায়ার নীচে চোরাবালি ইশারায় ডাকে!
আকুল হয়ে কাঁদে নায়না। তার পিঠ ফুলে ফুলে ওঠে। উদিতাংশু বিমূঢ় তাকিয়ে থাকে। বারান্দায় অন্ধকার- জোৎস্না ভেঙে ঘন হয়ে আছে। রাত হয়ে গেছে অনেকটা গাঁও-গ্রামে, এই প্রত্যন্ত এলাকায় মানুষের বিনোদন এখন শুধুই ঘুম। দিনের বেলায় যে কথাগুলো তাকে নাড়াচ্ছিলো প্রবলভাবে এখন মনে হয় যেনো ইচ্ছে করলেই তাকে সুর দিতে পারে সে। নায়নার কান্নার সুরের সাথে কোথায় যেনো একটা মিল আছে সেই সুরের। তার মাথার ভেতর কল্পনার সেই আলোকমালা ঝর্না হয়ে ঝরে! শহর ছেড়ে এই যে তারা এতোদূর চলে এসেছে, তার উদ্দেশ্যটি এখন ভিন্ন মাত্রায় মনে টোকা দিয়ে যায়। নায়নার এই কান্না শুধু তাদের- তার- ভিন্ন জীবন যাপনের সমঝোতা স্মারকের কারণেই নয়- মনে হয় যেনো আর কোনো গূঢ় অর্থ বহনকারী।
– তুমি আর চাওনা আমাকে? নায়না জলভরা চোখ- হয়তো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে- অন্ধকারে ভাবে উদিতাংশু। তার দিকে মুখ ফিরিয়ে কমনীয় কণ্ঠস্বরে শান্ততায় জিজ্ঞেস করে।
– নাহ। এভাবে দুটো জীবন অযথা জোর করে জোড়া বেধে দুজনই কষ্ট পাওয়ার কোনো মানে নেই আর।
– কাল ভোরে যাচ্ছি আমরা ? ততোধিক শান্ত স্বরে সিদ্ধান্ত শুনতে চায় নায়না।
– হ্যাঁ।
– আজ কি শোবে একসাথে ?
– হ্যাঁ, কেনো নয়?
কিন্তু শুতে গিয়ে সে টের পায় নায়না গভীর ঘুমে নিহত চড়ুইয়ের মতো মৃদু শ্বাস টানছে ঘুমের ভেতর। ’জীবন পাবেনা দেখা- মন তাকে বলে অকস্মাৎ!’ নায়না কী করে এতো নিঃস্পৃহ থাকে- আশ্চর্য- এতোসব কিছুর পরও? আজ কী তাদের শেষ দিন নয়? শেষ রাত নয় তাদের ? সারাদিন উদিতাংশু ভেবেছে সম্পর্কটির স্থায়ীত্ব নিয়ে। নয়নার মনের মতো হয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না কখনো। নয়নাও সেই স্বপ্ন-কল্পনা থেকে বিচ্যুত হতে পারবে না, যা সে ছোটোবেলা থেকে মনে মনে ভেবে এসেছে হয়তো- ভাবে উদিতাংশু। এখন এই শরীর-মনে দূরের হয়ে যাওয়া মেয়েটিকে হয়তো ম্যাজিক দেখিয়ে, কিংবা পুরুষের মোহময় আচ্ছন্নতা দিয়ে কিছুদিন বশ করে রাখা সম্ভব- কিন্তু তা কোনো স্থায়ী সমাধান নয়। নায়নার প্রতি যে চোরা আবেগ ও কর্তব্যবোধ ছিলো তার, সেটাকে জোর করে বিদায় করতে হবে হয়তো; কিন্তু তাও ভালো। প্রতিদিন এই অহেতুক ঝগড়া-যন্ত্রণার চেয়ে- মনকে প্রবোধ দেয় সে- দূরে চলে যাওয়া ভালো। ’চাঁদের ছায়ার নীচে চোরাবালি ইশারায় ডাকে’। ভাবতে ভাবতে উদিতাংশু ঘুমের চোরাবালিতে ডুবে যায়।
খুব করে সেজেছে আজ আলোহার মা। মানে নায়না। বিয়ের পর পর যখন রোমান্স তাদের শরীর-মনে রোমাঞ্চের বন্যা ডেকে আনছে। ভেবেছিলো মেয়ে হলো ’আলোহা’ ডাকবে তাকে। কেনো এই নাম ? খুব একটা ভাবেনি তা নিয়ে। কোথাও হয়তো শুনে থাকবে। পছন্দ হয়ে গিয়েছিলো। কখনো সখনো নায়নাকে দুষ্টুমী করে খেপানো যেতো ’আলোহার মা’ বলে। আজ সাত বছর পরে- যখন তারা ভিন্ন জীবন নিয়ে ভাবছে তখন- এই নামের কী-ইবা তাৎপর্য আছে এমন ? কেয়ারটেকার খুব যত্ন নিয়ে ওদের সবকিছু রেডি করে দেয়। নিজের হাতে ব্রেকফাস্টে গরম পরোটা ভেজে দিয়েছিলো ভোরে উঠে। রিকসায় যেতে হবে অনেকটা পথ। গতরাতে একজনকে আগেই ঠিক করে রাখা হয়েছে। ভোরবেলা ঠিক ঠিক সে হাজির হয়েছে রিকসা নিয়ে। এখন রোদ চড়ার আগে আগেই বেরুতে পারলে বিকেলের আলো থাকতে থাকতেই ফিরতে পারবে তারা। তারপর, কোথায় যাবে ওরা ? পুনরায় সেই একই ঠিকানায় ? একই বিছানায় ? অসম্ভব। তাহলে আর কষ্ট করে এতোদূরে আসা কেনো ? তাঁতের একটা পারমুটিট ডিজাইনের শাড়ি- শাড়ি খুব একটা পড়ে না নয়না- প্লিট করে পড়েছে সে। চুল ছেড়ে দেয়ায় সেই ইউনিভার্সিটি হল বলেই মনে হচ্ছে এখন। বয়স বাড়েনি নয়নার। কেবল চাকরি তাকে আত্মবিশ্বাস দিয়েছে- এর বেশি কিছু নয়। ‘চলো দেরী হয়ে যাচ্ছে’ বলে খুব সাধারণ ডাকে নয়না বারান্দায় নামে। কী যেনো বলতে গিয়েও বলা হয়না উদিতাংশুর। সেটা কি, নয়নাকে খুব সুন্দর দেখাচ্ছে- শুধু এই উক্তিটুকু? সে মনে মনে গুনগুন করে- ‘মনে করো এই রোদ- তোমার বাড়িয়ে দেয়া হাত।’ নাহ্ সুরটা ঠিক ঠিক এসে দোল দিচ্ছে না, ছাড়া ছাড়া মনে হচ্ছে। কোথায় যেনো কেটে যাচ্ছে খেই। কথার সাথে প্রবাহিত না হলে সুরের মুক্তি আসেনা বলে তার ধারণা।
নয়না উঠে গেছে রিকসায়। কাঁধের ভ্যানিটি ব্যাগটা পরিপাটি হয়ে কোলের উপর রেখেছে। মনে হচ্ছে বাচ্চা কোলে নিয়েছে! গীটারটা নিয়ে বারান্দা ছেড়ে সামনের হেরিংবোন ছড়ানো ইটের উপরে নামলো। খবরটা আসে তখন। রেস্ট হাউসের দাড়োয়ান জানালো ওদের। প্রথমে নয়নাকে। উদিতাংশু শোনে- সিন্নি গাছের নাকি একটা চারা পাওয়া গেছে আধমাইল দূরের এক গ্রামে। গ্রামবাসীরা অবাক বিস্ময়ের ভেতরে হু হু করে ছুটছে সেদিকে। এ একরকম অকল্পনীয় ব্যাপার। কেউ ভাবেনি বুড়োকালে গাছটার এমন ভীমরতি ধরবে। নয়না শোনে, নিঃস্পৃহভাবে। উদিতাংশু নাক গলায় ওদের কথায়- ‘যাবে নাকি দেখতে ? গেলে হয় একবার- আর কী আসা হবে এখানে এভাবে ?’ নয়না সায় দেয়না। ফিরতে চায় এখান থেকে যতো তাড়াতাড়ি সম্ভব; পৃথক হয়ে চায় সে। উদিতাংশু অগত্যা রিকসায় উঠে বসে। রিকসা বড় রাস্তায় উঠে এলে দেখা যায়- লোকজন অস্থিরভাবে লাইন ধরে ছুটছে রোদের উচ্ছাসের ভেতর। ‘মনে করো এই রোদ…’ উদিতাংশু গুনগুন করে। ‘কেমন হবে কম্পোজিশনটা বলো দেখি ?’ অনেকদিন পর এই প্রথম সে নায়নার মতামত নেয় সঙ্গীত বিষয়ে। একদিন সে তো তার গানের পাগল ছিলো। নায়না ফিক করে হাসে।
– নতুন লিখলে ?
– হ্যাঁ।
– সুন্দর হয়েছে। খুব।
তারপর আর কিছু নয়। চুপচাপ কেবল নারকোল পাতার ঝিরঝির শব্দ শোনা। অনেকক্ষণ। যেনো সাত বছর কেটে গেলো এরই মধ্যে। সাত বছর ?
– কী অদ্ভুত তাই না ? …এতো বছর পর গাছটা… উদিতাংশু ছাড়া ছাড়া ভাবে বলে।
– নাহ্ , এটাতো অস্বাভাবিক নয়। হতেই পারে।
– হতেই পারে ?
– কেনো নয় ?
– ও। বলে উদিতাংশু ঠোঁট কামড়ায়। -তাই বুঝি দেখতে যেতে চাইলে না ?
– সে জন্য নয়। কী হবে শুধু একটা চারাগাছ দেখে ?
– তা অবশ্য। তবুও ভাবো। -এতোবছর পর…
– আর তাছাড়া… নায়নার কথা শেষ হয়নি। কথায় বাধা পড়ে উদিতাংশুরও। সে থেমে গিয়ে জিজ্ঞেস করে-
– তাছাড়া কী ?
– ওকে নিয়ে আমি যেতে চাইনা অতদূর।
– ক্কী ?
– ওর কথা বলছি। আলোহা! এসে গেছে ! বলে কোলের ব্যাগটা সামলে অবিচল আস্থা নিয়ে সামনের সবুজের দিকে তাকিয়ে বলে নয়না। তারপর যোগ করে হতচকিত উদিতাংশুর দিকে না তাকিয়েই:
– আমরা কিন্তু আর একসাথে থাকছি না। গতরাতে সিদ্ধান্তের কথা মনে আছে তো তোমার ?
উদিতাংশু ঝিম ধরা মাথার মধ্যে সেই নোটেশনটা এবার স্পষ্ট টের পায়। সুরটা ঠিক ঠিক মিলছে এবার! দ্রুতলয়ে বাজছে ক্রমাগত- ‘মনে করো এই রোদ- মনে করো…!’
রচনাকাল: ২৭/০৩/২০০৪
