কবিতা
মানুষ
মানুষ হলো জানোয়ারের জাত। পালে পালে জন্মায় তারপর একটা একটা করে মরে! এরা মরার জন্যই জন্মায়, অথচ মরা আর বাঁচার মাঝখানের কালটা রাজ্যের শয়তানি আর ভালোমানুষীতে পার করে দেয়। এই মানুষের জন্যই মানুষ বেঁচে থাকে, আবার মানুষকে মারতে কতো ফন্দিফিকির! আমরা যদি একটু মানুষ হতাম- তাহলে মানুষকে আর অমানুষের মতো না খেয়ে মরতে হতোনা, শালা!
কালপুরুষ
বলপ্রিন্ট পরিহিতা মাছরাঙা-রোদ এসে বলে গেল- বসন্ত সমাগত! তা'বলে ভেবোনা এই শীতের উত্তাপ তোমার পাঁজর থেকে খরিদ করেছি। আকাশে যে কালপুরুষ কটিবন্ধে তরবারি নিয়ে বিপুল উদ্যমে- আমি তাকেও জানিয়ে রাখি শীতরাত্রির সহজ সংকেত! কেননা মানুষ মাত্রেই গতিশীল। মানুষ মাত্রেই কিছুটা সন্দেহ!
জোড়া
জোড়া দেয়া দুটো তারের মাথায় জ্বলছে আলো। তুমি কি রেবতী বেসেছিলে বলো বেসেছ ভালো? জোড়া দেয়া দুটো মানুষ তো নয়, অন্ধ জ্যোতি এক পা পেছলে, এক পা এগুলে কী আর ক্ষতি! জোড়া দেয়া দুটো হৃদয় ভীষণ একাঙ্কীকা রেবতী তোমার চোখেই জ্বলুক প্রদীপশিখা জোড়া দেয়া পথ পৃথক এখন বিবিধ স্বরে রেবতী তোমায় কতো নামে ডাকি, মনে কি পড়ে?
