ফাদার রিকবি

ফাদার রিকবি প্রায় প্রতি সপ্তাহে আমাদের পাড়ায় আসতেন গল্প করতে- তাঁর আঠাশ ইঞ্চি ফনিক্স সাইকেলে চেপে। মাঠে দাঁড়িয়াবান্ধা আর ফুটবল খেলতে থাকা ছেলেমেয়েরা তাকে দেখতে পেলেই হইহই করে সাইকেলের পেছনে জড়ো হতো। কেউ কেউ আরও বিরক্ত করতো- ক্যারিয়ার টেনে ধরতো পেছন থেকে, সাইকেলে উঠতে চাইতো। ফাদার কোনমতে তাদের ম্যানেজ করতেন। নেমে পড়ে সাইকেল ধরে হেঁটে হেঁটে এগোতেন। পাড়ার ২/১টা বাড়ীতে তার গতায়ত ছিলো বেশি। কিন্তু এর বাইরে মিশতেন সকল পিচ্চি-পোলাপানদের সাথে। ধবধবে সাদা পাদ্রিদের ঢোলা পোশাক আর কোমরে বাধা মোটা উলের কালো কর্ড আর কালো টুপিতে তাকে অদ্ভুত সুন্দর দেখাতো। আগোছালো শব্দচয়নে পরিষ্কার বাংলা বলার চেষ্টা করতেন উনি। আমরা তাঁর আরষ্ঠ উচ্চারণ শুনে হ্য হ্য করে হাসতাম, হেসে গড়িয়ে পড়তাম। ফাদার অপ্রতিভ হতেন- মাইন্ড করতেন না। এমনকি পেছন থেকে অনেক বখে যাওয়া ছেলে-ছোকড়ারা তাকে ‘শাদা-বান্দর’ বলার পরেও- ফাদার যে বুজতেন না, তা নয়।

এলাকার দুটি তরুণের সাথে ছিলো তাঁর প্রকৃত ফ্রেন্ডশিপ। আমার বড়দা ( পরলোকগত ডাঃ দেবাশীষ সমদ্দার) আর তোতাভাইয়ের (Enayet Karim) সাথে। কারণ, এঁদের দুজনের মাথাতেই তিনি ডাকটিকেট সংগ্রহের পোকাটা ঢুকিয়ে দিয়েছিলেন। বিশাল সংগ্রহ ছিলো তাদের ডাকটিকেট, ভিউকার্ড, কয়েন আর ফার্স্টডে কভারের। ফাদার নিয়মিত আমাদের বাসায় আসতেন। বাঙালী খাবার পছন্দ করতেন খুব। খেলা থেকে বাসায় ফিরে মাঝে মাঝেই দেখতাম ফাদার মুড়ির মোয়া খাচ্ছেন কিংবা পুঁইশাকের ডাঁটা চিবুচ্ছেন সন্তর্পনে। আমাকে কেনো যে ডাকতেন ‘ধাঁধাল’ বলে- সেটা আজও রহস্য। কারণ, প্রাইমারী লেভেলের ঐ বয়সটা ঠিক ধান্ধালী করার বয়স নয়। সম্ভবত দুষ্টু, চালাক, চঞ্চল ইত্যাদি শব্দের পরিপূরক হিসেবে তিনি ওটা কারো কাছ থেকে শিখে থাকবেন।হঠাৎ করেই ফাদারের আসা বন্ধ হয়ে গেলো। তিনি থাকতেন অক্সফোর্ড মিশন এর ভেতরে। একরাতে কারা যেনো তাকে মেরে ফেললো। দিনদুয়েক পরে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা হলো। নিষ্ঠুরভাবে হত্যা করার পর কম্বল পেঁচানো তাঁর লাশ সাইকেলের সাথে বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিলো!এতোবছর পর আজও ফাদারের জন্য দুঃখ ও গ্লানি বোধ করি। পরপারে ভালো আছেন নিশ্চয়ই ফাদার!

(ফাদার রিকবির মৃত্যুর কিছুদিন পর বরিশালের কোন এক স্মরণিকায় এই ছবিটি বড় করে ছাপা হয়েছিলো।)

 

অন্যদের জানিয়ে দিন