পাহাড় কেটে
পথ তৈরি করেছে মানুষ- মানুষ কেটে
তৈরি হয়েছে রেলরাস্তা
আর রেলগাড়ি চলে গেলে
মনে হয় পুরো পাহাড়টাই
ধ্বসে পড়ছে
বিধাতার
মাথার
ওপর!
জলকে
কিভাবে বিশুদ্ধ করতে হয়
আমরা জেনেছি, নারীশরীরের অনাবিল সুষমা
শতখন্ডে বিভক্ত করে, কী করে বিজ্ঞাপনে লাগাতে হয়,
ছোট ছোট বৃক্ষশিশুকে
তৃণভোজীদের উদ্যমী জিহ্বা থেকে
রক্ষা করতে
দিতে শিখেছি
কাঁটাগাছের বেড়া।
সেইসব কাঁটাগাছ
শহরের আনাচে কানাচে
বাড়তে বাড়তে এখন সুঠাম ফ্লাটবাড়ির
রান্নাঘর পর্যন্ত
উঁকি দিচ্ছে। তাই
ডিনারে
প্রতিদিন
আস্তচাঁদের ওমলেট না হলে
শহরবাসীর
এন্টাসিড কেনার
ধুম পড়ে যায়!
২৬/৫/২০০০

Comments are closed.