ফিলাডেলফিয়া

রেবতীকে আমি ডাকতাম ফিলাডেলফিয়া। মনে হতো
ফুলের নামে ডাকছি!
সে আর একজনের বাগদত্তা ছিলো। রেবতীকে
তারপরও আমার ভালো লেগেছিলো,
রেবতীর আমাকে। আমরা কতো কতো শহর ঘুরেছি,
আবার কতো যায়গায় যাওয়া হয়ে ওঠেনি আমাদের!
  
যেমন ইজিপ্ট! স্ফিংসের সামনে পামপাতার হ্যাট পড়ে
পোজ দেয়া রেবতীর কোন ছবি
পোস্ট করা হয়নি আমার। তার মুখের কারুকাজ
আর মমিমাখা চিবুকের অলীক ইশারা, রাত হলে,
কতো কতো রাত আমি রহস্যে দেখেছি!
রেবতী এখনো কারো বাগদত্তা! এখনো মাঝে মাঝে
তাকে ফিলাডেলফিয়া ডাকি!
  
এখন ডাকলে মনে হয় রেবতী এক ব্যস্ত শহর! 

অন্যদের জানিয়ে দিন