যে কোনো গাছের দিকে অবাক তাকিয়ে থাকি। কী দারুন সরলতা নিয়ে তারা বড় হয়। বড় হয়ে আরও বড় হয়। বড় হতে তাদের মাস্টারমশাই লাগে না। চক ডাস্টার হোয়াইটবোর্ড কিচ্ছু কিচ্ছু না!
স্কুলে যাবার পথে গাছেদের ইভটিজিংয়ে পড়তে হয়না। গাদাগাদা মুখস্থ করার কোনো রেওয়াজরীতি বৃক্ষমহলে চালু নেই। পরিবর্তে তাদের প্রসারিত শাখা সবসময় পাখীদের বসার জন্য অবারিত রাখতে হয়। যে যতো প্রসারিত শাখা নিয়ে দাঁড়াতে পারে, বৃক্ষসমাজে তার মূল্যায়ন ততো বেশি। পাখী ও পতঙ্গকে আকৃষ্ট করতে গাছেদের তাই কতো আয়োজন! গাছেদের সিলেবাসে বৃষ্টিপাত, সূর্যালোক, বায়ুবেগ আছে। রাষ্ট্রচিন্তা নেই – রাষ্ট্রের ধারণাও নেই। তাই গাছেদের পিএইচডি লাগেনা।
গাছেদের সিলেবাসে মানুষদের নিয়ে একটা নাতিদীর্ঘ অধ্যায় রয়েছে: ‘ক্ষতিকর প্রানীদের হাত থেকে টিকে থাকার কৌশল’ নামে। শিশুবৃক্ষ প্রথমেই সেটা পড়ে নেয়। গাছেরা ‘কুড়ুল দিবস’ পালন করে। আর ভিন্ন তালিকায় রাখে সেইসব গাছেদের নাম, যারা কুড়ুলের হাতল হবার জন্য ঘষেমেজে নিজেদের চকচকে রেখেছ!
